দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৯ জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গতকাল ১ জনের মৃত্যু ও ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। আর অন্য দুজন হলেন চট্টগ্রাম ও রাজশাহীর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে মোট ২২ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৩৭ শতাংশ।

করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ২৭। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৯৫ জন সুস্থ হয়েছেন।