নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৮৪ শতাংশ। গত প্রায় দেড় মাসে এটা এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে ২৮ অক্টোবর নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর প্রতিদিন শনাক্ত ছিল শূন্য থেকে ১২ জনের মধ্যে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩৩২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে আটজন চট্টগ্রাম নগরের এবং ছয়জন উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন মো. আসিফ খান বলেন, নতুন করে ১৪ জনের শনাক্ত হয়েছে, যা বেশি নয়। কিন্তু মানুষকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। যদি হঠাৎ আরও বেড়ে যায় তা উদ্বেগের বিষয় হবে।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।