নতুন শনাক্ত ১৪৪২, মৃত্যু ২৭
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও ১ হাজার ৪৪২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ২৭ জন।
এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭০ হাজার ১৩২। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।
দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।
আগের দিনের তুলনায় আজ নতুন রোগীর সংখ্যা, মৃত্যু ও শনাক্তের হার সবই বেড়েছে।
গতকাল রোববার দেশে ৯ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ১২৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪১ শতাংশ। মৃত্যু হয়েছিল ২৩ জনের।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়।