নমুনা দিতে ভিড়, হুড়োহুড়ি

জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষার জন্য মানুষ আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে নমুনা দিচ্ছেন।

করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো নিয়ে মানুষের মধ্যে হুড়োহুড়ি। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের কর্মঘণ্টা তখনো শুরুই হয়নি। তার আগে থেকেই মানুষের সারি। পরে সময় বেড়েছে, সারিও দীর্ঘ হয়েছে। এই সারি করোনার নমুনা পরীক্ষার। নমুনা নেওয়া শুরুর পর মানুষ একপ্রকার ‘যুদ্ধ’ শুরু করেন। করেছেন হাতাহাতি, মারামারিও। ছিল না কোনো শৃঙ্খলা।

গতকাল রোববার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিত্র ছিল এমনই। একই অবস্থা ছিল করোনার টিকা গ্রহণেও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষার জন্য মানুষ আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে নমুনা দিচ্ছেন। সকাল সাড়ে আটটায় নমুনা সংগ্রহ শুরু হলেও সাধারণ মানুষ ও রোগীরা সকাল ছয়টা থেকেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। আগে হাসপাতালে প্রতিদিন ৪০-৫০ জনের নমুনা সংগ্রহ করা হতো। তবে গতকাল সকাল আটটার দিকে নমুনা দিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে। একসময় হাসপাতালের বাইরে বিএমএ ভবনের সিঁড়ির ওপর থেকে মানুষের সারি দীর্ঘ হয়ে প্রধান ফটক পর্যন্ত পৌঁছায়। সকাল সাড়ে আটটার দিকে সারিতে থাকা মানুষ কাউন্টারে টিকিট কাটার মতো চাপাচাপি ও ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সারিও দীর্ঘ হয়। তবে দুপুর ১২টার পর মানুষের ভিড় কমতে শুরু করে।

বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, মানুষ বিএমএ ভবনের সিঁড়ি, হাসপাতাল চত্বর ও ভেতরের ফটকের সিঁড়িতে বসে অপেক্ষা করছেন। সব জায়গাতেই ভিড়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলেও করোনার টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল। উভয় জায়গায়ই শৃঙ্খলা রক্ষায় কাউকে দেখা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে দুপুর ১২টার পর অ্যান্টিজেন পরীক্ষা করা হতো। এতে রোগীরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হতেন। কিন্তু মোহাম্মদ ওয়াহীদুজ্জামান হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে যোগদানের পর সকাল থেকেই পরীক্ষা শুরু করেন। চলতি মাসের ২০ জুলাই ১১৬ জন, ২১ জুলাই ৬ জন, ২২ জুলাই ৮৬ জন, ২৩ জুলাই ১৮৫ জন, ২৪ জুলাই ১৮২ জন এবং রোববার বেলা পৌনে ২টা পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সর্বশেষ শনিবার ১৮২টি অ্যান্টিজেন পরীক্ষার মধ্যে ৫৬টি নমুনার ফলাফল পজিটিভ আসে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের প্রধান সমন্বয়ক চিকিৎসক এনামুল হাসান বলেন, প্রতিদিন প্রায় ১০০ অ্যান্টিজেন পরীক্ষা করার সক্ষমতা তাঁদের রয়েছে। গতকাল বেলা পৌনে দুইটা পর্যন্ত দুই শতাধিক নমুনার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। উপজেলাগুলোতেও অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। কিন্তু প্রচারণার অভাবে দূরদূরান্ত থেকে মানুষ জেলার হাসপাতালে এসে ভিড় করছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে। সকালে তিনি গিয়েও ভিড় সামলাতে ব্যর্থ হয়েছেন। সিভিল সার্জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। নতুন করে বক্ষব্যাধি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য একটি কেন্দ্র খোলা হবে। আর উপজেলাগুলোতেও করোনার অ্যান্টিজেন পরীক্ষা বাড়ানো হবে। তখন আর জেলায় চাপ পড়বে না। তিনি বলেন, শৃঙ্খলা আনার বিষয়টি নিয়ে সভা করবেন।