নরসিংদীতে করোনা রোগী ৯ হাজার ছাড়াল
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৫। এর মধ্যে সর্বশেষ ১ হাজার ২০ জন গত ৭ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ৪৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৮৮টি নমুনায় ৫৬ জন ও আরটি–পিসিআর পরীক্ষায় ১৫৪ জনের নমুনায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ২১ দশমিক ২৬ শতাংশ।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩০ জন আছেন। এ ছাড়া পলাশে ২২ জন, রায়পুরায় ৫ জন, বেলাবতে ৬ জন, মনোহরদীতে ২৫ জন ও শিবপুরে ৬ জন শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ও শিবপুরে একজন করে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে সর্বোচ্চ ৩৬ জন, পলাশে ৭, বেলাবতে ৯, রায়পুরায় ১০, মনোহরদীতে ৬ ও শিবপুরে ১০ জন আছেন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৩ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৪ হাজার ৮২২ রোগী শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে শিবপুরে ১ হাজার ৬১ জন, পলাশে ১ হাজার ৪০২, রায়পুরায় ৫০৮, বেলাবতে ৬১৩ ও মনোহরদীতে ৬১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৫০ জন।
গত বছরের ৭ এপ্রিল জেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ৪৯০ দিন পর মোট সংক্রমণের সংখ্যা ৯ হাজার ছাড়াল। প্রথম ৪ হাজার মানুষ সংক্রমিত হতে সময় লেগেছিল ৩৮৮ দিন। পরের ৪ হাজার ব্যক্তি আক্রান্ত হতে সময় লাগে মাত্র ৯৫ দিন। আর সর্বশেষ ১ হাজার ২৫ জন সংক্রমিত হয়েছেন মাত্র ৭ দিনে।
জানতে চাইলে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, এই মুহূর্তে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৪৫। তাঁদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৫২ জন। এ ছাড়া নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৩৭৫ জন।