নিউইয়র্ক খুললেও অন্য রাজ্যের অবস্থা উদ্বেগজনক

করোনাভাইরাস প্রতিরোধে প্রায় তিন মাস লকডাউনে থাকার পর ৮ জুন নিউইয়র্ক নগরী প্রথম ধাপে খুলে দেওয়া হয়েছে। তবে নিউইয়র্কে করোনা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক হলেও আমেরিকার অন্যান্য রাজ্যে তা এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ৭ জুন জানিয়েছেন, ৬ জুন রাজ্যে ৬০ হাজার ৪৩৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮১ জনের ফল পজিটিভ পাওয়া গেছে। এই হার মাত্র ১ শতাংশ। ১৬ মার্চের পর থেকে এ পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের হার এটাই সবচেয়ে কম।
নিউইয়র্কে এই হার অনেক কমে এলেও দেশটির নানা অঙ্গরাজ্যের পরিসংখ্যান উদ্বেগজনক। কোনো কোনো জায়গায় এখনো হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। এসব ঘটছে এমন পরিস্থিতিতে, যখন আমেরিকার বিভিন্ন নগরে গণবিক্ষোভ চলছে। এর কারণে মানুষ বিক্ষোভে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না। অন্যদিকে, সম্প্রতি দেশের নগরগুলোয় লকডাউন শিথিল করা হয়েছে। তাই গ্রীষ্মের প্রারম্ভে মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতাও বেড়েছে। আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার ১০০ দিন পার হয়েছে। এখনো দেশটির নানা অঙ্গরাজ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে অ্যারিজোনায় আগের সপ্তাহের চেয়ে আক্রান্তের সংখ্যা শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।
আরাকানসাস অঙ্গরাজ্যে মহামারির খারাপ সময়েও স্টে হোম অর্ডার দেওয়া হয়নি। এখানে এপ্রিল ও মে মাসে আক্রান্তের সংখ্যা কম ছিল। কিন্তু গত সপ্তাহে এ সংখ্যা আগের সপ্তাহ থেকে শতকরা ৩০ ভাগ বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস নগরে আক্রান্তের সংখ্যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হচ্ছে, সেখানে আক্রান্তের হার মন্থর গতিতে হলেও বৃদ্ধি পাচ্ছে।
কেনটাকি অঙ্গরাজ্যেও একই অবস্থা। এখানে আগের সপ্তাহের আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৩ থেকে বৃদ্ধি পেয়ে গত সপ্তাহে হয়েছে ১ হাজার ৫৮৩। নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টেক্সাস অঙ্গরাজ্যে নির্ধারিত সময়ের আগেই লকডাউন শিথিল করে সব খুলে দেওয়া হয়েছিল। মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছিল সেখানে। এখন এই অঙ্গরাজ্যে হাসপাতালে করোনায় সংক্রমিত রোগীর ভর্তির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।