
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির কোনা দেখা মিলছে না। উল্টো সংক্রমণ ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। এ পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭৫ হাজারের কাছাকাছি। দেশটিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। এখানে মৃত্যু ২০ হাজার পেরিয়ে গেছে। ৬ মে নিউইয়র্ক রাজ্যের মৃত্যুসংখ্যা আরও বেড়েছে। হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, তাঁর ৬৬ শতাংশ ঘরে বসেই সংক্রমিত হচ্ছেন। এমন তথ্য-উপাত্ত হাতে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অনেক কিছু। এই অবস্থায় নগরী খোলার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, সবকিছু খুলে দেওয়ার কোনো ‘অন-অফ’ সুইচ নেই। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। এখনো লোকজনের মৃত্যু হচ্ছে। হাসপাতালে ভর্তির সংখ্যা ওঠানামা করছে। এমন বাস্তবতায় নগরের ১০টি পৃথক উপদেষ্টা পরিষদ বিভিন্ন পর্যায়ে নগরী ধাপে ধাপে খোলার পরিকল্পনা নিচ্ছেন। এসব পরিকল্পনা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে নাগরিকদের নির্দেশনা দেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন।
রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, আগের ২৪ ঘণ্টায় ২৩২ জনের নাম যুক্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯৭-তে। প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলেই গভর্নর মনে করেন। ঘরে মৃত্যু ও নার্সিং হোমে মৃতের সংখ্যা নিয়ে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।
এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় ৬ মে জুলেখা বিবি (৭৯) নামের একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫০ দিনে দেশটিতে ২৩৮ বাংলাদেশির মৃত্যু হলো। নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত জুলেখা বিবি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫ মে রাত ১০টার দিকে ব্রঙ্কসের লেবানন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। নিউইয়র্কস্থ ছাতক সমিতি ইউএসএ ইনকের সেক্রেটারি রইস রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করছেন।
এখনো অনেক বাংলাদেশি সংক্রমিত হয়ে হাসপাতাল ও ঘরে হোম কোয়ারেন্টিনে আছেন। তবে বাংলাদেশিদের মধ্যে মৃত্যুর হারও কমে এসেছে। শঙ্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন প্রবাসীরা। তবে নিউইয়র্ক কবে খুলবে? কীভাবে খুলবে? জীবন জীবিকার কী হবে? এমন বহু প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখন সবাই।
নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। গভর্নর জানিয়েছেন, দেখা যাচ্ছে অধিকাংশ লোকজন হাসপাতালে আসছেন নিজের ঘরে সংক্রমিত হয়ে। রাজ্যের ৬৬ শতাংশ লোক ঘরে, নার্সিং হোমে বা কারাগারে সংক্রমিত হয়েছেন। জরুরি বিভাগের লোকজন বা যাঁরা বাইরে যাতায়াত বেশি করেছেন, তাঁদের বাইরে এমন উচ্চহারের সংক্রমণ নিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই। তিন দিনের পরিসংখ্যানে দেখা গেছে, হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণের ৩৭ শতাংশ অবসরপ্রাপ্ত মানুষ এবং ৪৬ শতাংশ কর্মহীন ছিলেন। তিন-চতুর্থাংশ লোকজনই ৫১ বছরের বেশি বয়সের এবং অধিকাংশ আক্রান্তই শ্বেতাঙ্গ নয়, এমন সব লোকজন।
গভর্নর কুমো বলেন, সাম্প্রতিক তথ্য জরিপে দেখা যাচ্ছে, রাজ্যের ৮৪ শতাংশ লোক এবং নগরের ৯০ শতাংশ লোকই বাইরে চলাফেরা করছেন না। নিজের গাড়িতে বা গণপরিবহন ব্যবহার করছেন না। রাজ্যের ৮৪ শতাংশ লোকই ঘরে থাকছেন। তিনি বলেন, শেষ কথা হচ্ছে, একজন ব্যক্তি নিজেকে কীভাবে রক্ষা করছেন, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকার সম্ভাব্য সব কিছু করছে। তিনি প্রশ্ন রাখেন, আপনি নিজে কি সামাজিক দূরত্ব বজায় রাখছেন? মাস্ক পরছেন? হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন?