নিউইয়র্কে করোনায় দুই বেয়াইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে করোনায় মৃত দুই বেয়াই আবদুন নুর খান ও আক্তারুজ্জামান (সাদা পাঞ্জাবি)
নিউইয়র্কে করোনায় মৃত দুই বেয়াই আবদুন নুর খান ও আক্তারুজ্জামান (সাদা পাঞ্জাবি)

আমেরিকার নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি আমেরিকান দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন চিত্রনায়ক ও জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের বাবা মাওলানা আবদুন নুর খান এবং তাঁরই ছোট ভাই মাহবুব খানের শ্বশুর আক্তারুজ্জামান।

জানা গেছে, ২৬ এপ্রিল রোববার নিউইয়র্ক সময় রাত দেড়টার দিকে হেলাল খানের বাবা মাওলানা আবদুন নুর খান মারা যান। তার ঠিক দুই দিন আগে নিউইয়র্কের লং আইল্যান্ডের একই হাসপাতালে মারা যান সদ্যপ্রয়াত মাওলানা আবদুন নুর খানের বেয়াই আক্তারুজ্জামান।

আবদুন নুর খান ও আক্তারুজ্জামান দীর্ঘদিন ধরে লং আইল্যান্ডে একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মাত্র দুই দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটি ও রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দুই বেয়াইয়ের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি, জাসাস, স্টেট বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠন। এদিকে দুই বেয়াইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাসাস সভাপতি মো. আবু তাহের ও সেক্রেটারি কাওসার আহমেদ।

এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সহসভাপতি শরাফত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র শাখা বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এ বাতেন, জসিম উদ্দিন ভূঁইয়া, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, মাহফুজুল মাওলা, যুক্তরাষ্ট্র শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক মাকসুদুল হক চৌধুরী প্রমুখ।