নিউইয়র্কে কর্মজীবীদের কাছে মাস্ক সরবরাহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে কর্মজীবীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার
নিউইয়র্কে কর্মজীবীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার

টানা ছয়দিন থেকে প্রতিদিন নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাত শতাধিক মানুষের মৃত্যু ঘটছে। এই পরিস্থিতিতে চাকরিদাতাদের তাঁদের অধীনস্থ কর্মজীবীদের কাছে অবশ্যই মাস্ক সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

১২ এপ্রিল নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৭৫৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। পরের ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।নিউইয়র্কে হাসপাতালে নতুন রোগী ভর্তির হার কমছে। আপাতত এটাকেই বড় আশাবাদ হিসেবে দেখা হচ্ছে। এ কারণে এই পরিস্থিতিতেও যেসব কর্মজীবী কাজ করে যাচ্ছেন তাঁদের কাছে অবশ্যই মাস্ক সরবরাহ করতে চাকরিদাতাদের নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও।

এদিকে ১২ এপ্রিল রোববার ইস্টার সানডেতে রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নাজুক পরিস্থিতির চরমে পৌঁছেও মনে হচ্ছে পরিস্থিতি অনেকটা সমান্তরাল হচ্ছে। অনেকটা নিয়ন্ত্রিত মনে হচ্ছে। ইস্টার সানডেতে নিউইয়র্কসহ আমেরিকার অধিকাংশ চার্চে একা প্রার্থনা করেছেন পাদ্রিরা। ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার কোনো প্রেসিডেন্ট চার্চে উপস্থিত না থেকে ইস্টারের প্রার্থনায় যোগ দিয়েছেন। প্রার্থনায় যোগ দেয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা দ্রুতই ফিরে আসব।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, নগরীর হাসপাতালগুলোর পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে। গত কয়েক সপ্তাহে গড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন রোগীর জন্য ভেন্টিলেশন দরকার হলেও এখন লাগছে গড়ে ৭০ জনের। এ পরিস্থিতিকে উন্নতির লক্ষণ উল্লেখ করে মেয়র বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আমাদের ওপর বিশ্বাস রাখেন। আমরা পরস্পরের প্রতি বিশ্বাস রেখেই এ পরিস্থিতিকে অতিক্রম করব।

মেয়র সতর্ক করে বলেন , নগরীতে ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রনের জন্য টেস্টিং সুবিধা আরও সহজলভ্য করতে হবে। নতুন নতুন এলাকায় টেস্টিং কেন্দ্র খোলা হবে। হাসপাতালগুলোতে ৫০০ নতুন লোকের কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হয়েছে। দ্রুত আরও কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব চাকরির জন্য নগরীর ওয়েবসাইটে আবেদন করার জন্য তিনি আহ্বান জানান।

নগরীর স্কুল বন্ধ রাখা নিয়ে রাজ্য গভর্নরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গভর্নর কুমো করোনা মোকাবিলায় দৃষ্টান্তমূলক কাজ করছেন। তিনি গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং সবই ঘটেছে নগরীর শিক্ষার্থী ও পরিবারকে নিরাপদ রাখার জন্য।

এদিকে পাশের রাজ্য নিউজার্সিতে ১২ এপ্রিল একদিনে দুজন পুলিশ অফিসারের মৃত্যু ঘটেছে। রাজ্যের বেডমিনিস্টার ও প্যাটার্সন নগরীর এ দুজন পুলিশ সদস্যসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০ জনে।

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখন সবার ওপরে। দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত ৫ লাখ ৬০ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ২২ হাজার ১১৫ জন মারা গেছে। আরও প্রায় ১২ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।এর মধ্যে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৫ জন।