নিউইয়র্কে লকডাউন তোলা হবে ধাপে ধাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসা–বাণিজ্য খুলে দেওয়ার অপেক্ষায় কোলাহলের নগরের নাগরিকেরা। জ্যাকসন হাইটস থেকে সম্প্রতি তোলা ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার
ব্যবসা–বাণিজ্য খুলে দেওয়ার অপেক্ষায় কোলাহলের নগরের নাগরিকেরা। জ্যাকসন হাইটস থেকে সম্প্রতি তোলা ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার

নিউইয়র্কে প্রথম পর্যায়ে নির্মাণ কোম্পানি ও বিভিন্ন পণ্য তৈরির কারখানাগুলো খুলবে। করোনায় নতুন আক্রান্ত, হাসপাতালে ভর্তি, ইনটিউবেশন, মৃত্যু, এসবের সংখ্যা টানা ১৪ দিন থেকে নিম্নমুখী। ফলে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলছেন, ১৫ মের পর থেকে পর্যায়ক্রমে অঙ্গরাজ্যের ব্যবসা–বাণিজ্য খুলে দেওয়া হবে। 

২৭ এপ্রিল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন গভর্নর কুমো। তিনি বলেন, প্রথম নিউইয়র্ক নগরের বাইরের কনস্ট্রাকশন বা নির্মাণ কোম্পানিগুলো এবং কিছু পণ্য তৈরি কারখানা খুলে দেওয়া হবে।
গভর্নর বলেন, নিউইয়র্ক অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়ার সম্ভাবনা তখনই হয়, যখন দেখা গেছে করোনাভাইরাস সম্পর্কিত দুইটি সংখ্যা কমিয়ে আসা অব্যাহত থাকে। এর একটি হচ্ছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। অন্যটি কোভিড-১৯–এ মৃত্যুর সংখ্যা।
কুমো বলেন, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির পরামর্শ হচ্ছে একটি অঞ্চলের হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা যদি ১৪ দিন ক্রমশ নিম্নমুখী থাকে, তাহলে সে শহর বা নগর নিরাপত্তা নিশ্চিত হওয়ার শর্তে তিন ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা করা যায়।

২৬ এপ্রিল নিউইয়র্ক নগরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ১ হাজার ৮৭ জন ভর্তির তথ্য পাওয়া যায়। অঙ্গরাজ্যের করোনায় মৃতের সংখ্যা সেদিন ছিল ৩৬৭ জন।

কুমো বলেন, বর্তমানে ভাইরাস সংক্রমণের হার ০.৮ শতাংশ। অর্থাৎ একজন কোভিড-১৯ রোগী গড়ে একজনের চেয়ে কম মানুষকে আক্রান্ত করতে পারে। কিন্তু তা সত্ত্বেও তিনি ইঙ্গিত দিয়েছেন, ১৫ মের আগে নয়। লক্ষ্য থাকছে, এরপরই পর্যায়ক্রমে নগরের অংশবিশেষ খুলে দেওয়া হবে।
দ্বিতীয় পর্যায়ে নানা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে। এ পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হবে খুলে দেওয়ার পদ্ধতি। কুমোর মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিজেদের ওপর অনেকটা খুরে দেওয়ার বিষয়টি নির্ভর করে। কোন ব্যবসাপ্রতিষ্ঠান কোন পর্যায়ে খুলবে, সেটি নিজেরাই ঠিক করবে। তথাকথিত নতুন স্বাভাবিক অবস্থায় কীভাবে তাঁরা নিজেদের ব্যবসাকে খাপ খাইয়ে নেবে। নিউইয়র্কের অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হবে ধাপে ধাপে।
প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের কর্মকাণ্ড খুলে দেওয়ার আগে দুই সপ্তাহ সময় থাকবে। এ দুই সপ্তাহে ওই এলাকার নতুন আক্রান্ত, হাসপাতালে ভর্তি, রোগীর ইনটিউবেসনে যাওয়া এবং মৃত্যুর সংখ্যা ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে। এ জন্যই দুই সপ্তাহ সময় রাখা হয়েছে। যাতে এ সময়ের সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যায় কত পরিবর্তন তা দেখে পরবর্তী ধাপে রি–ওপেনে সতর্কতা অবলম্বন করা যায়।
কুমো বলেন, মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অব্যাহতভাবে কমছে। এখনো মৃত্যুর সংখ্যাটি অসহনীয়। তিনি বলেন, একেকটি মৃত্যু মানে একেকটি পরিবারে ধ্বংস নেমে আসা। তবে কুমো মনে করিয়ে দেন, এক মাস আগের অবস্থা অনেক বেশি ভয়াবহ ছিল।
গভর্নর বলেন, ৩১ মার্চের পর থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে ২৬ এপ্রিল। এখনো যেহেতু প্রতিদিন নতুন হাজারো করোনা পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে, সেহেতু আমাদের রি–ওপেনের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখতেই হবে।