নিউইয়র্কে সাধারণ ট্রাকে লাশের স্তূপ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনের অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নিউইয়র্ক পুলিশ। ছবি: সংগৃহীত
ব্রুকলিনের অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নিউইয়র্ক পুলিশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া অর্ধ শতাধিক মানুষের মৃতদেহ পড়ে আছে সাধারণ পরিবহন ট্রাকে। ফ্রিজার ট্রাকের পাশে স্তূপ করে রাখা এসব মরদেহ থেকে গন্ধ বেরিয়ে আসছে। করোনায় সংক্রমিত হয়ে বেশি মৃত্যু হওয়া নগরী নিউইয়র্কে এমন এক নিষ্ঠুর বাস্তবতার তদন্তে নেমেছে পুলিশ।

২৯ এপ্রিল প্রবেশীদের অভিযোগ পেয়ে ব্রুকলিনের অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় নগরীর পুলিশ বিভাগ। সেখানে দেখা গেছে, ইউ হোলের সাধারণ ট্রাকে মরদেহ রাখা আছে। কোনো ফ্রিজার ছাড়া দীর্ঘ সময় থেকে পড়ে থাকা এসব মৃতদেহ থেকে গন্ধ বের হচ্ছে। পাশে ফ্রিজার ট্রাকেও কিছু মৃতদেহ আছে। ভবনের ভেতরে গিয়েও বেশ কিছু মৃতদেহ এমন করে ফেলে রাখতে দেখেছে পুলিশ।


মৃতদেহের সংখ্যা নিরূপণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এ সংখ্যাটি ৪০ থেকে ৬০টি হতে পারে বলে জানানো হয়েছে। ইউটিকা অ্যাভিনিউর বন্ধ সড়কে গত কয়েক সপ্তাহ থেকে এমন ট্রাকে করে মৃতদেহ আসতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। জন ডিপেট্রো নামের এক প্রতিবেশী জানিয়েছেন, তিনি এমন গাড়ির আগমন গত কয়েক সপ্তাহ আগে থেকেই দেখে আসছেন। মৃতদেহের প্রতি এ এক বিরাট অসম্মান উল্লেখ করে জন বলেছেন, এ মৃতদেহটি কারও বাবা, কারও স্বজন। একজন মৃত ব্যক্তিকে মানব জাতি এমন অসম্মান করতে পারে না।


ব্রুকলিনের প্রভাবশালী রাজনীতিক, বরো প্রেসিডেন্ট এরিখ এডাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ব্যাপক মৃত্যু সামাল দেওয়ার জন্য নগরীর সংশ্লিষ্ট কমিটিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ফিউনারেল ডিরেক্টর, মেডিকেল এক্সামিনার ও ধর্মীয় নেতাদের দায়িত্ব এটা। তিনি বলেন, মৃতদেহ এমন অসম্মানের সঙ্গে পড়ে থাকা মোটেই কাম্য নয় ।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
ফিউনারেল হোমের কর্মীরা জানিয়েছেন, এসব মৃতদেহ ক্রিমেশনের (পুড়ানোর) জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। মৃতদেহগুলো যাদের এসে নিয়ে যাওয়ার কথা ছিল, তারা না আসায় এমনটি হয়েছে।