নিউইয়র্কের গৃহহীনদের হোটেলে আশ্রয় দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের রাস্তায় এভাবেই থাকে গৃহহীনেরা। ফাইল ছবি: রয়টার্স
নিউইয়র্কের রাস্তায় এভাবেই থাকে গৃহহীনেরা। ফাইল ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমন থেকে বাঁচাতে নিউইয়র্কের প্রায় ছয় হাজার গৃহহীন মানুষকে নগরীর হোটেলগুলোতে সরিয়ে নেওয়া হচ্ছে। এই গৃহহীনদের মধ্যে সিনিয়র সিটিজেন ও যাদের করোনাভাইরাস উপসর্গ রয়েছে তারাও আছেন।

নিউইয়র্কে করোনাভাইরাস প্রতিরোধে নগরীর হোটেলগুলোতে গৃহহীনদের স্থানান্তরিত করা হবে বলে নগরীর মেয়র বিল ডি ব্লাজিও ১১ এপ্রিল ঘোষণা দিয়েছেন। ২০ এপ্রিলের মধ্যে গৃহহীন জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে হোটেলগুলোতে স্থান দেওয়া হবে। তবে যাদের মধ্যে করোনাভাইরাস বা রোগের লক্ষণ রয়েছে এবং যারা আশ্রয়কেন্দ্রে বাস করছেন, তাঁদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। কিছু কিছু আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্বের নির্দেশ মেনে চলার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাদের মধ্যে থেকেই ৬০০০ জনকে বিভিন্ন হোটেলে জায়গা দেওয়া হচ্ছে।

মেয়র বলেছেন, করোনাভাইরাস থেকে বাঁচাতে এবং গৃহহীনদের সহায়তার জন্য আশ্রয়কেন্দ্রে সঠিক ভারসাম্য বজায় রাখতে এখন হোটেলগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।

সোশ্যাল সার্ভিসেস কমিশনার স্টিভেন ব্যাংকস বলেছেন, ১১ এপ্রিল সকালে ৩৪০ জনেরও বেশি গৃহহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যুও হয়েছে। তিনি আরও বলেন, নিউইয়র্কের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনায় ৫৮ হাজার গৃহহীন এবং রাস্তায় ৪ হাজার গৃহহীন নিউইয়র্কার রয়েছে।

মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, নিউইয়র্ক সিটি গৃহহীন নিউইয়র্কারদের জন্য আরও ২৩০ টি নিরাপদ আশ্রয় তৈরি করবে। এতে আরও গৃহহীন মানুষকে আশ্রয় ব্যবস্থায় আনা সম্ভব হবে।

সপ্তাহের শুরুর দিকে নাগরিক সংগঠন এবং নির্বাচিত কর্মকর্তারা মেয়র ও গভর্নর অ্যান্ড্রু কুমোকে গৃহহীনদের থাকার জন্য খালি হোটেল ব্যবহার করার অনুরোধ করার পরে আপাতত হোটেলগুলোর ছয় হাজার শয্যা গৃহহীনদের ব্যবহারের অনুমোদন পেল।