
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, মনে হচ্ছে নিউইয়র্কের পেছনে ছুরি চালানোটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপভোগ করছেন। ট্রাম্পকে সাবেক নিউইয়র্কার উল্লেখ করে ৫ মে তিনি বলেন, লোকজনের দুর্ভোগ উপভোগ করে কোন ধরনের মানুষ? ট্রাম্প দেখছেন লোকজন দুর্ভোগে আছে, তারপরও সিদ্ধান্ত নিচ্ছেন নিউইয়র্কের লোক যেন সাহায্য না পায়।
এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আবদুল হাফিজ দুদু মিয়া (৭৫), মো. মাহবুবুল হক (৭০) ও নজরুল ইসলাম (৫০)। এ নিয়ে করোনায় সংক্রমিত হয়ে ৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩৭ জন বাংলাদেশির মৃত্যু হলো।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, মার্চ মাসে শুরু হওয়া দুর্যোগের পর নিউইয়র্ক নগরীতে এখন পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মজুত রয়েছে। নগরীর সর্বত্র মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী নাগরিকদের কাছে বিলি করা হচ্ছে। নিউইয়র্ক নগরীতেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এর মধ্যে প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ৫ মে নগরীতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে সরাসরি সংক্রমিত এবং ভাইরাসে সংক্রমিত সন্দেহে সম্ভাব্য মিলে নগরীতে ১৯ হজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্য নয়, কেবল নিউইয়র্ক নগরীতে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৭২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নিউইয়র্কের ৯ লাখ কর্মজীবী জুন মাস শেষ হওয়ার আগেই কর্মহীন হয়ে পড়বেন। লকডাউনে থাকা নিউইয়র্ক ধাপে ধাপে খুলে দেওয়ারও পরিকল্পনা চলছে। ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ রয়েছে। নিউইয়র্ক কম্পট্রোলার অফিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কর্মজীবীদের মধ্যে প্রতি পাঁচজনের একজন কাজ হারাবেন। কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার বলেছেন, মহামারি শুরু হওয়ার আগে নিউইয়র্কে কর্মহীনের সংখ্যা ছিল ৩ দশমিক ৮ শতাংশ। এর আগে মহা দুর্দিনেও নিউইয়র্কের সর্বোচ্চ কর্মহীন লোকের সংখ্যা ছিল ১০ দশমিক ১ শতাংশ। এবার তা ২২ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মহীনদের জন্য চার মাস বা ছয় মাসের ভাতা দেওয়ার পর এসব কর্মহীন লোক কোথায় যাবেন, কোথায় কাজ খুঁজবেন, এ নিয়ে এখনই শুরু হয়েছে উদ্বেগ–উৎকণ্ঠা। ফেডারেল সরকারের কাছ থেকে বারবার সাহায্য চাওয়া হচ্ছে, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত না আশায় রাজ্য ও নগর কর্তাদের উৎকণ্ঠা বাড়ছে। প্রতিবছর রাজ্য হিসেবে নিউইয়র্ক ফেডারেল সরকারকে পাওয়ার চেয়ে বেশি দিয়ে আসছে। করোনা মহামারিতে বিপর্যস্ত নিউইয়র্কে মানবিক নাগরিক ফেডারেল সহযোগিতার জন্য চাপ দিচ্ছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ও মেয়র বিল ডি ব্লাজিও।
এদিকে নিউইয়র্কে দৈনিক মৃত্যুর হার কমলেও নিউজার্সিতে বাড়ছে। রাজ্যের গভর্নর ফিল মারফি ৫ মে ৩৩৪ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন। এ নিয়ে রাজ্যে ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। নিউজার্সিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া অর্ধেকই মারা গেছেন বিভিন্ন নার্সিং হোম ও সেবাকেন্দ্রে সংক্রমণের শিকার হয়ে।
গভর্নর ফিল মারফি বলেছেন, আগামী কয়েক দিনে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নিউজার্সিতে ১ লাখ ৩০ হাজার ৫৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজ্যের হাসপাতালগুলোতে জটিল ও আশঙ্কাজনক রোগীর সংখ্যা কমছে।