করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করেননি বলে কুষ্টিয়ায় করোনায় মৃত্যুহার ও সংক্রমণ বেড়েছে। স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা এমনটি মনে করছেন। তাঁরা বলেন, হাসপাতালে মৃত্যু চিকিৎসকদের জন্য সব সময় অস্বস্তির। করোনায় কেন হাসপাতালে মৃত্যুসংখ্যা কমানো যাচ্ছে না, তথ্য বিশ্লেষণের মাধ্যমে এর কারণ খোঁজার চেষ্টা করেছেন তাঁরা। তা থেকেই সবার যথাযথ দায়িত্ব পালনে ঘাটতির বিষয়টি নজরে এসেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন চিকিৎসকেরা। বৈঠকের শুরুতে করোনা হাসপাতালে ডেথ রিভিউ বোর্ড ও ডেথ অডিট কমিটির সভাপতি রেজাউল ইসলাম পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি করোনায় মারা যাওয়া রোগীদের বিষয়ে তথ্য তুলে ধরেন। তাতে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত ৬৯ জন মারা যাওয়া রোগীর বিষয়ে তথ্য ছিল।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে (ম্যাটস) এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ ও করোনা ডেডিকেটেড হাসপাতাল যৌথভাবে এর আয়োজন করে। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত সভা চলে।
সভায় চিকিৎসকেরা বলেন, তাঁরা এক সপ্তাহে করোনায় মারা যাওয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, মারা যাওয়া রোগীদের সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত ছিলেন। তার মধ্যে ৩৯ শতাংশ রোগী ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ দেলদার হোসেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সালেক মাসুদ, সহকারী অধ্যাপক ও কার্ডিওলজি চিকিৎসক নাসীমুল বারী, মেডিসিন চিকিৎসক রেজাউল ইসলাম, আক্রামুজ্জামান প্রমুখ।
করোনা হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সালেক মাসুদ বলেন, তাঁদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। সেন্ট্রাল অক্সিজেন লাইন থাকলেও হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা বাড়াতে গেলে তা চাপ নিতে পারে না। অক্সিজেনের গতি কমে যায়। এ ছাড়া কিছু ওষুধ আছে, সরকারিভাবে সেগুলোর সরবরাহ কম ছিল। সাধারণ গরিব রোগীরা এসব ওষুধ কিনতে পারেনি। তিনি বলেন, এসব সমস্যা থেকে উত্তরণের জন্য প্রস্তাব করা হয়। সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় চিকিৎসকেরা সেবা দিতে হিমশিম খান।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ দেলদার হোসেন বলেন, ব্যর্থতা কমবেশি সবারই আছে। আছে কিছু সীমাবদ্ধতা। সেসব সরাসরি বলা কঠিন। তারপরও চিকিৎসকেরা চেষ্টা চালিয়েছেন রোগীদের সুস্থ করে তোলার। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (করোনা হাসপাতাল) আবদুল মোমেন বলেন, স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়ত প্রশাসনকে পদক্ষেপ নিতে বলে আসছে। কিন্তু সেটা সঠিক সময়ে নেওয়া হলে হয়তো ভালো ফল আসত। যার যে দায়িত্ব, সেটা হয়তো সঠিকভাবে পালন হয়নি। এ জন্য সংক্রমণও বেড়েছে। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে কাজ না করেন, তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমানো সম্ভব নয়। মৃত্যুহারও বেড়ে যাবে।
কুষ্টিয়ায় ৯ আগস্ট পর্যন্ত ১৬ হাজার ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৪০ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। তাঁদের মধ্যে ৩৯ জনের বয়স ছিল ৬০ বছরের ওপরে। ২৮ জন ছিলেন ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। বাকি ২ জন ৪০-এর নিচে। তাঁদের মধ্যে পুরুষ ছিলেন ৪১ জন, নারী ২৮ জন।
তথ্য বিশ্লেষণ করে বলা হয়, যাঁদের আগে থেকে ডায়াবেটিস ছিল, সেসব রোগী বেশি মারা গেছেন। আর এক সপ্তাহে মারা যাওয়া রোগীদের মধ্যে ২৭ শতাংশ, অর্থাৎ ১৬ জন রোগী ৮০-এর ওপরে অক্সিজেন স্যাচুরেশন নিয়ে ভর্তি হয়েছিলেন। ৮০-এর নিচে ৫১-এর ওপরে স্যাচুরেশন নিয়ে ভর্তি হয়েছিলেন ৩৩ জন। ৫০-এর নিচে স্যাচুরেশন নিয়ে ভর্তি হয়েছিলেন ১০ জন। ৭৩ শতাংশ রোগীই মৃত্যুঝুঁকি নিয়ে ভর্তি হয়েছিলেন।
করোনা হাসপাতাল সূত্র জানায়, গত মার্চ মাসে ৪৭ জন রোগী ভর্তি ছিলেন। ওই মাসে কোনো রোগী মারা যাননি। এপ্রিলে ১৩৬ জন ভর্তি হলে মারা যান ১৮ জন। মে মাসে ১০৪ জন ভর্তি হয়ে মারা যান ৬ জন। জুনে ৬৭৯ জন ভর্তি হয়ে মারা যান ৯৮ জন। জুলাইয়ে ১ হাজার ১০৮ জন ভর্তি হয়ে মারা যান ৩০৫ জন। চলতি আগস্টে (১০ তারিখ পর্যন্ত) ২৭৮ জন ভর্তি হয়ে মারা যান ৮৯ জন রোগী।
চিকিৎসকেরা বলেন, হাসপাতালে মৃত্যুসংখ্যা নিয়ে তাঁরা বিব্রত, অসহায়। কেন হাসপাতালে মৃত্যুসংখ্যা কমানো যাচ্ছে না, তা খুঁজে বের করা সে জন্য জরুরি মনে করেছেন তাঁরা।