নেত্রকোনায় এক দিনে সর্বোচ্চ ১১০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সন্দেহে তাপমাত্রা পরীক্ষার প্রতীকী ছবি।

নেত্রকোনায় এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১০১ জন শনাক্ত হয়েছিলেন। সর্বোচ্চ শনাক্তের দিনে নেত্রকোনায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল আজ শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৬৪। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে মারা যাওয়া দুজনই আটপাড়া উপজেলার বাসিন্দা। এর মধ্যে একজনের বয়স ৩৮ বছর ও অন্যজনের বয়স ৬০ বছর। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৫ জন নারী। এর মধ্যে সদর উপজেলার রয়েছেন সর্বোচ্চ ৩৮ জন। এ ছাড়া মোহনগঞ্জের ১৯ জন, কেন্দুয়ার ৭, পূর্বধলার ১৩, কলমাকান্দার ৪, আটপাড়ার ৫, দুর্গাপুরের ৯, খালিয়াজুরির ৩ এবং বারহাট্টা ও মদনের ৬ জন করে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮৬। এ পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৬১৪ জনের। শনাক্তের গড় হার ১১ দশমিক ৯৬। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৬ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৯২।