নোয়াখালীতে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ। একই সময়ে জেলায় নতুন করে আরও একজন করোনায় মারা গেছেন। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৩টি করোনা পরীক্ষাকেন্দ্রে ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ১৫৮ রোগীর মধ্যে ৫৭ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকি ব্যক্তিদের মধ্যে সুবর্ণচরের ৮, বেগমগঞ্জের ২১, সোনাইমুড়ীর ১২, চাটখিলের ১২, সেনবাগের ১৪, কোম্পানীগঞ্জের ২০ ও কবিরহাট উপজেলার ১৪ জন রয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মো. ইব্রাহিম খলিল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চার দিন আগে তাঁর করোনা শনাক্ত হয়। এরপর তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল রোববার সকালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৪৫।
জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে বর্তমানে ভর্তি আছেন ৬২ রোগী। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৫ জন। বাকি ১৭ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে। চলমান লকডাউনে মানুষের চলাচল অনেকখানি নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি করেন তিনি।
এদিকে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, সরকারঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৯টি উপজেলায় আজ সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৬টি মামলায় ৫২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।