পরিবেশমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনায় সংক্রমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাব উদ্দিন ও কে এম খালিদ
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনায় সংক্রমিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংবাদ সংস্থা বাসস জানায়, শাহাব উদ্দিনের করোনার উপসর্গ থাকায় তিনি গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেন। আজ রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।

শাহাব উদ্দিন বর্তমানে তাঁর সরকারি বাসায় আইসোলেশনে আছেন। তিনি তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরিবেশমন্ত্রী আগে একবার করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনায় সংক্রমিত হয়ে তিনি ২০২০ সালের ১২ থেকে ২০ আগস্ট পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তাঁর স্ত্রী সোহেলা আক্তারের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনার উপসর্গ মৃদু। তাঁরা বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এর পর থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি।

দুই বছর ধরে চলা এই মহামারিতে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করেছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল গত বছরের জুন-জুলাইয়ে। আগস্টে অবশ্য সংক্রমণ কমে যায়। তবে গত বছরের শেষের দিকে এসে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

দেশে চার দিন ধরে নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৩০ শতাংশের বেশি। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজনের করোনা শনাক্ত হচ্ছে। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।