প্রতিষেধক উদ্ভাবনে আশা ও বাংলাদেশ

সবার মনেই এখন একটাই প্রশ্ন, কবে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কৃত হবে। কিন্তু বাস্তবতা হলো, একটি ওষুধ প্রস্তুত করে বাজারে আসতে তাকে মোটাদাগে ৬টি ধাপে রোগীর ওপর পরীক্ষায় (চারটি ক্লিনিক্যাল ট্রায়াল ও ২টি এক্সট্রা ক্লিনিক্যাল ট্রায়াল) পাস হয়ে আসতে হয়। এ জন্য একটি কার্যকর ওষুধ তৈরির শুরু থেকে ফার্মেসিতে আসতে কয়েক বছর লেগে যায়।
তাহলে কি করোনাভাইরাসের ক্ষেত্রেও ওষুধ বাজারে আসতে কয়েক বছর লাগবে? তত দিনে সারা পৃথিবীর কী অবস্থা হবে? এই রকম একটি অভূতপূর্ব সময়ে এসব প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। তবে খুবই আশার কথা হলো বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অসম্ভবকে সম্ভব করার। অর্থাৎ তাঁরা একটি ওষুধ তৈরির স্বাভাবিক সময়ের চেয়ে খুব কম সময়ে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছেন। যদিও বাংলাদেশে কেউ কেউ ইতিমধ্যে বিভিন্ন রকমের ‘মজার’ সব প্রতিষেধকের কথা বলছেন। যেগুলোর কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়াগত ভিত্তি বা কার্যকারিতার কোনো প্রমাণ নেই।
আশার কথা হলো, বিজ্ঞানীরা প্রতিষেধক তৈরির খুব কাছে পৌঁছে গেছেন। বিশেষ করে রেমডেসিভির ও ফাভিপিরাভির নামে দুটি ওষুধ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যেগুলোকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় কার্যকর হিসেবে ধরা হচ্ছে। সবচেয়ে ভালো আশা দেখাচ্ছে আমেরিকার গিলিয়াড সায়েন্সেসের রেমডেসিভির। গিলিয়াড সায়েন্সেস রেমডেসিভিরের করোনা চিকিৎসার জন্য এর একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে। মূলত, রেমডেসিভির ইবোলা চিকিৎসার জন্য আবিষ্কার করা হয়েছিল। ১০ এপ্রিল তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল বের হয়েছে, যাতে বেশ আশাব্যঞ্জক ফলাফল দেখা গেছে এবং রেমডেসিভিরকে ‘খুব সম্ভাবনাময়’ প্রতিষেধক হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে বড় আশাব্যঞ্জক ব্যাপার হলো ‘খুব মারাত্মক’ অবস্থার রোগীর ক্ষেত্রে এটি কার্যকর ফল দিয়েছে। ভেন্টিলেটর ব্যবহার করতে হচ্ছিল এবং কৃত্রিম অক্সিজেন সহায়তায় ছিল—এ রকম ৫৩ জনের ওপর পরীক্ষা করা হয়েছিল এটি। এ অবস্থায় ৬৮ শতাংশ রোগীর অবস্থার উন্নতি হয়েছে। ১৮ শতাংশোর অবস্থার অবনতি হয়েছে এবং ১২ শতাংশ রোগী মারা গেছে। এর পাশাপাশি ডায়রিয়া, র্যাশসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেখানে চীনে ‘মারাত্মক অবস্থার’ রোগীর মৃত্যুর হার গড়ে ৪২ শতাংশ, সেখানে ১২ শতাংশ মৃত্যুর হার আশাব্যঞ্জক।
গিলিয়াড আগামী ২ মে পর্যন্ত শেষ ধাপের পরীক্ষা চালাবে। এখানে উল্লেখ করতে চাই, করোনায় আক্রান্ত ১০০ শতাংশ রোগীর মধ্যে গড়ে ২০ শতাংশ গুরুতর অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এই ২০ শতাংশ ভর্তি রোগীর মধ্যে ৫ থেকে ১০ শতাংশের অবস্থা খুব মারাত্মক, যাদের ভেন্টিলেশন এবং কৃত্রিম অক্সিজেন সহায়তা প্রয়োজন হয় এবং তাদের মধ্যে বেশির ভাগকেই বাঁচানো কঠিন হয়। তার মানে করোনা হলেই যে মারা যেতে হবে বা হাসপাতালে ভর্তি হতে হবে, বিষয়টা একদমই এমন না। রেমডেসিভিরের সবচেয়ে ইতিবাচক দিক এটাই যে ওষুধটি এই খুব সংকটে থাকা ৫ থেকে ১০ শতাংশ রোগীর জন্যও খুব ভালো রকম ফল দিচ্ছে।
আগেই উল্লেখ করেছি, ফাভিপিরাভির ও রেমডেসিভির বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় কার্যকর প্রতিষেধক। জাপানের ফুজিফিল্ম টয়ামা কেমিক্যাল ফাভিপিরাভির আবিষ্কার করে এবং চীন সর্বপ্রথম এর ব্যবহারের অনুমোদন দেয়। ফাভিপিরাভির ফাভিলাভির অথবা আভিগান নামেও পরিচিত।
প্রথমে ফেব্রুয়ারিতে ক্লিনিক্যাল ট্রায়ালে এটি ‘পরিষ্কারভাবে কার্যকর’ হিসেবে প্রমাণিত হয়। বিশেষ করে মৃদু এবং মাঝারি অবস্থার রোগীর ক্ষেত্রে এটি ভালোভাবে কাজ করে। চীনে বর্তমানে ফাভিপিরাভিরের ‘জেনেরিক ভার্সন’ সর্বসাধারণের জন্য তৈরি হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। যদিও ফাভিপিরাভিরের করোনা চিকিৎসায় ফলপ্রসূ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং চীনে এটি ব্যবহৃত হচ্ছে, তবুও আমেরিকার ওষুধ প্রশাসন এটিকে ব্যবহারের জন্য অনুমোদন দেয়নি। সম্প্রতি ফাভিপিরাভির ব্যবহারের অনুমোদনের জন্য বিননগো নামের এক ব্যক্তি উন্মুক্ত ‘অনলাইন পিটিশন’ শুরু করেছেন। সেখানে ১২ এপ্রিল ভোর পর্যন্ত পাঁচ হাজার স্বাক্ষর সংগৃহীত হয়েছে।
এই দুটি ওষুধের বাইরে চিকিৎসকেরা বিকল্প হিসেবে কিছু ওষুধ ব্যবহার করছেন প্রতিষেধক হিসেবে। এর মধ্যে আমেরিকাতে সবচেয়ে বেশি যেটি ব্যবহার হচ্ছে, তা হলো ক্লোরোকুইন এবং হাইড্রক্সিক্লোরোকুইন। আমেরিকার ওষুধ প্রশাসন ‘জরুরি’ বিবেচনায় এটিকে অনুমোদন দিয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এটি প্রকাশ্যে ব্যবহার করতে বলার পরে তার পরিচিতি দ্রুতই বেড়ে যায়। যদিও ট্রাম্পের এই ঘোষণা নিয়ে আমেরিকায় যথেষ্ট রাজনৈতিক বিতর্ক আছে। তবে ওষুধ দুটির ক্ষেত্রে মারাত্মক হৃদ্যন্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং এর ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর বাইরেও আরও কিছু ওষুধ প্রস্তুত হওয়ার পথে রয়েছে। উল্লেখযোগ্য হলো Gimsilumab, AdCOVID, TJM 2, AT-100, TZLS-501, OYA 1, BPI-002, NP-120। এর সব কটিই বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসব প্রতিষেধকের পাশাপাশি টিকা প্রস্তুতির কাজও বেশ জোরে শোরে চলছে। যেসব টিকা এই মুহূর্তে সম্ভাবনাময় দেখা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো Fusagenix DNA vaccine, ChAdOx 1 nCoV-19, INO-4800, mRNA-1273, IBV vaccine। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যে টিকাগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
সব কিছু বিবেচনায় বাংলাদেশে এই মহামারি প্রতিরোধে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর রেমডেসিভির ও ফাভিপিরাভিরের উৎপাদন শুরু করার ব্যাপারে দ্রুত মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছি। কারণ আগেই বলেছি, এখন পর্যন্ত অপেক্ষাকৃত সবচেয়ে ভালো এবং প্রমাণিত প্রতিষেধক হলো উপরিউক্ত দুটি ওষুধ।
ওষুধ প্রস্তুতি গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা সর্বোচ্চ চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের কার্যকর প্রতিষেধক ও টিকা আবিষ্কার করার। আশা করা যায়, ‘অল্প সময়ের’ মধ্যেই মানবসভ্যতাকে থমকে দেওয়া এই করোনাভাইরাসের প্রতিষেধক আমরা ব্যবহার করতে পারব এবং থমকে যাওয়া জীবন আবার সচল হবে। সে পর্যন্ত সবাই আতঙ্কিত ও দিশেহারা না হয়ে যথাযথভাবে ডব্লিউএইচওর বিধিনিষেধ মোতাবেক চলাচল করুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
মহব্বত আলী: পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট, কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি, জনস হপকিনস ইউনিভার্সিটি।
[email protected]