ফরিদপুর করোনা হাসপাতালে ১২ জনের মৃত্যু
ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ফরিদপুরে নতুন করে আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭ দশমিক শূন্য ৫ শতাংশ। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ফরিদপুর জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে রাজবাড়ীর তিনজন, মাদারীপুরের দুজন ও ঝিনাইদহের একজন রয়েছেন। এখন পর্যন্ত এ হাসপাতালে ২৩২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬২২। নতুন শনাক্ত ১৭৬ জনের মধ্যে ফরিদপুর সদরেরই ১১২ জন। এ ছাড়া আলফাডাঙ্গার ৬ জন, ভাঙ্গার ৪, বোয়ালমারীর ১০, নগরকান্দার ৯, মধুখালীর ২, সদরপুরের ২১ ও সালথার ৬ জন রয়েছেন।
আগের দিনের তুলনায় আজ জেলায় শনাক্তের হার ও মৃত্যু—দুটোই বেড়েছে। গতকালের তুলনায় আজ শনাক্তের হার প্রায় ৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৭ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে আগের ২৪ ঘণ্টার তুলনায় পাঁচজন বেশি মারা গেছেন আজ।
ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন, আজ সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত রোগী ২০৪ জন। বাকি ৮০ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।