ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতীকী ছবি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্ত ৪২ দশমিক ১৯ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ফরিদপুর ও দুজন রাজবাড়ীর বাসিন্দা। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার মনোয়ারা বেগম (৫৫), ভাঙ্গার হাসিনা বেগম (৮৫) ও রাজবাড়ী সদর উপজেলার নূরজাহান বেগম (৬৫)।

এ ছাড়া করোনা উপসর্গে মারা গেছেন বোয়ালমারীর সুভাষ বালা (৭০), ভাঙ্গার আবদুল মান্নান (৬৫), আলফাডাঙ্গার মো. শাহজাহান (৭১) ও রাজাবাড়ী সদরের মনিরুজ্জামান (৫০)।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত ২৩০ জন করোনা রোগী মারা গেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় বলছে, এ হাসপাতালে আশপাশের কোনো জেলার করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাঁদের ফরিদপুর সদরের মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ১১৯ জনের মধ্যে ফরিদপুর সদরে রয়েছেন সর্বোচ্চ ৮৫ জন। এ ছাড়া ভাঙ্গায় আটজন, বোয়ালমারী, নগরকান্দা ও সদরপুরে পাঁচজন করে, মধুখালীতে চারজন এবং সালথায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করনো শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৪৪৬–এ দাঁড়িয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ২৫৪ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২০০ জন। অন্য ৫৪ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।