ফরিদপুরে করোনায় ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফরিদপুর সদরে ৪ জন এবং মাদারীপুর ও রাজবাড়ীতে ২ জন করে রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের খায়রুল বাসার (৭৫), রাজবাড়ী সদরের রহিমা বেগম (৬০) ও মাদারীপুরের শিবচরের হালিম হাওলাদার (৯০)।
গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত জেলায় মোট ৩১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১১৭ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৯২ জন রয়েছেন। এ ছাড়া আলফাডাঙ্গায় ১ জন, ভাঙ্গায় ৫ জন, নগরকান্দায় ৪ জন, সদরপুরে ৬ জন, সালথায় ৫ জন এবং চরভদ্রাসন ও মধুখালীতে ২ জন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৬ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ২৬৮ জন। এর মধ্যে ১৯৫ জন করোনা শনাক্ত রোগী ভর্তি আছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০ জন।