ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৬৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ডেডিকেটেড ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় জেলার আরটি–পিসিআর ল্যাবে ২২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে এ সময়ে জেলায় র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে কোনো পরীক্ষা করা হয়নি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৫।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ফরিদপুর সদরে সর্বোচ্চ ২৮ জন, আলফাডাঙ্গায় ৬ জন, ভাঙ্গায় ৫ জন, নগরকান্দায় ২ জন, সদরপুরে ৫ জন, চরভদ্রাসনে ১০ জন, সালথায় ১ এবং মধুখালী ও বোয়ালমারীতে ৩ জন করে আছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ২৪৫ জন।
এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গার ওমর ভূঁইয়া (৫৭) ও মধুখালীর হাফিজুল ইসলাম (৬৭)। এদিকে উপসর্গ নিয়ে ফরিদপুর ও মাদারীপুরে ১ জন করে মারা গেছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা শনাক্ত হয়ে ৪৮৯ জন মারা গেছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৩৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন।