ফাইজারের টিকা নিয়ে ভালো আছেন শ্রাবন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইজার-বায়োএনটেকের টিকা নিচ্ছেন শ্রাবন্তি সাহা
ছবি: সংগৃহীত

ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার সময় কিছুটা ভয়ে ভয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ শ্রাবন্তি সাহা অভি। গত রোববার তিনি টিকার প্রথম ডোজ নিয়েছেন।

বললেন, টিকা নেওয়ার পর এক দিন হাতব্যথা ছাড়া তেমন কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় মেসেঞ্জারে আলাপচারিতায় শ্রাবন্তি বললেন, ‘আমি হাসপাতালে দায়িত্ব পালন করি। প্রতিদিনই করোনা রোগীর সংস্পর্শে আসছি।

সব সময়ই ঝুঁকির মধ্যে আছি। করোনার টিকা নিয়ে এখন পর্যন্ত সবার মধ্যে একধরনের অস্বস্তি কাজ করছে। তবে এখন পর্যন্ত টিকার বিকল্প কিছু নেই। টিকা আমাদের আশা দেখাচ্ছে। লাভ-ক্ষতির হিসাবে এখন পর্যন্ত টিকা নেওয়াটাই লাভজনক। তাই টিকা নেওয়ার সুযোগ পেলে তা হাতছাড়া করা ঠিক না।’

শ্রাবন্তি বলেন, ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের অধীনে ৭টি হাসপাতালে কর্মীর সংখ্যা ৯০ হাজার। শ্রাবন্তি যেখানে থাকেন, এর আশপাশের তিনটি হাসপাতালে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেন। হাসপাতালে করোনা রোগী বাড়ায় এখন আর করোনা ইউনিটে জায়গা হচ্ছে না, তাই রোগীদের সব ইউনিটেই ভর্তি করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আছে বিশেষ সুরক্ষার ব্যবস্থা। শ্রাবন্তি আক্ষেপ করে বললেন, সুরক্ষিত থেকে কাজ করার পরও তো সারা বিশ্বেই অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন।

সম্মুখসারির স্বাস্থ্যকর্মী ও অতি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকায় থাকায় শ্রাবন্তি শুধু নিজে টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন। এ নিয়ে কিছুটা মন খারাপের কথাও জানালেন।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ শ্রাবন্তি সাহা
ছবি: সংগৃহীত

শ্রাবন্তির মা–বাবা বাংলাদেশে থাকেন। ৭১ বছর বয়সী বাবা ক্যানসারের রোগী। তাই বাবাকে নিয়ে সারাক্ষণই ভয়ে থাকেন। শ্রাবন্তির মামাশ্বশুর বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা উৎপল সাহা করোনায় মারা গেছেন। এক চিকিৎসক বন্ধুও মারা গেছেন। পরিচিতদের অনেকেই আক্রান্ত হচ্ছেন। এই অস্থির সময়ে যত বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যাবে, ততই স্বস্তি মিলবে বলে উল্লেখ করলেন শ্রাবন্তি।

শ্রাবন্তি বললেন, ‘আমি করোনার টিকা পেয়েছি মানে আমার আর করোনা হবে না বা টিকা নিলেই করোনার বিস্তৃতি কমানো যাবে, তা বলা যাবে না। তবে টিকা নেওয়ার অর্থ হচ্ছে, আমার শরীর করোনাভাইরাস নামে একটি ভাইরাস আছে, তা জানতে পারছে। আগে থেকেই এ ভাইরাস মোকাবিলায় প্রস্তুত থাকে বলেই করোনায় আক্রান্ত হলেও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা কম হবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন শ্রাবন্তি। বড় হয়েছেন ঢাকায়। ২০০৮ সালে তিনি নিউইয়র্কে যান। একমাত্র ভাইও বর্তমানে পেনসিলভানিয়ায় কর্মরত।

শ্রাবন্তি বললেন, এখনো সেভাবে গবেষণার ফলাফল হাতে নেই বলে অন্তঃসত্ত্বা নারী বা যাঁদের অ্যালার্জিজনিত জটিলতা আছে, তাঁদের টিকা দিতে কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছে। শ্রাবন্তি একটি ভ্যাকসিন ক্লিনিকে গিয়ে টিকা নেন। টিকা নেওয়ার পর ২৪ ঘণ্টা ও ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছে। প্রথম ডোজের ২১ দিন পর আবার দ্বিতীয় ডোজ দিতে হবে।

শ্রাবন্তি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু, অর্থাৎ মার্চ মাস থেকেই হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে একবার তাঁর করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। সাত বছর বয়সী মেয়ে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করছে। আর কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বামীও বাড়ি থেকেই অফিসের কাজ করছেন।

শ্রাবন্তি সাহা
ছবি: সংগৃহীত

শ্রাবন্তি বললেন, নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচন এবং থ্যাংকস গিভিং ডে উপলক্ষে জনসমাগমের পর থেকে করোনার প্রাদুর্ভাব আবার বেড়ে গেছে। মার্চ মাসের শেষ দিক থেকেই মাস্ক ছাড়া ইনস্টিটিউটের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ, তা এখনো বহাল আছে। আগামী ২০২১ সালেও মাস্ক ছাড়া চলাচল করা যাবে বলে মনে হচ্ছে না।

শ্রাবন্তি দেশে থাকা তাঁর মায়ের কথা উল্লেখ করে বললেন, ‘আমি টিকা নেব, তা নিয়ে খুবই নার্ভাস ছিলেন আমার মা। পেনসিলভানিয়ায় যখন তিনি টিকা নিতে যান, তখন বাংলাদেশে অনেক রাত, তাই তখন আর মাকে জানাইনি। পরে জানানোর পর থেকে মায়ের কাছ থেকে ফোন আসা বেড়ে গেছে। শুধু জানতে চান, আমার কোনো সমস্যা হচ্ছে কি না। মাকে বলেছি, টিকা নেওয়ার পর দুদিন যেহেতু পার হয়ে গেছে, তখন আর ভয়ের কিছু নেই।’