ফেনীতে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে আটজন ও শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। একই সময়ে জেলায় নতুন করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় আরটি-পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট পদ্ধতিতে ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৫৭।

নতুন শনাক্ত হওয়া ১২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, দাগনভূঞায় ৪৪, সোনাগাজীতে ১১, ছাগলনাইয়ায় ৭, পরশুরামে ১২ ও ফুলগাজীতে ২ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৩৫ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা করে মোট ৮ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৭৬ জন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১০ জন ছাড়া হাসপাতালের ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি আছেন, যা কোভিড ডেডিকেটেড ইউনিটের শয্যাসংখ্যার চার গুণ বেশি। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৩৬ জন। বাকিরা সবাই করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

আরএমও বলেন, প্রায় সব রোগীকেই অক্সিজেন সেবা দিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক, নার্সসহ সবাইকে হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি শহরের একাধিক বেসরকারি হাসপাতালেও করোনা উপসর্গের রোগী ভর্তি করা হচ্ছে। তবে সেখানে রোগীর অবস্থা খারাপ হলে তখন আবার ওই রোগীকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১০২ জন করোনা শনাক্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৬ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ ও শহরের একটি বেসরকারি হাসপাতালে ৩ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া ১ হাজার ৭৬৮ করোনায় আক্রান্ত রোগী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।