ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় ৮০ জনের মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৮৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০৭ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১৫২ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় সর্বোচ্চ ৭২ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া দাগনভূঁঞায় ২২ জন, সোনাগাজীতে ১০ জন, ছাগলনাইয়ায় ২৫ জন, পরশুরামে ১৬ জন ও ফুলগাজীতে ৭ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৫৩।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ৩০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ১৪১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৪৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ৯৭ জন রোগী ভর্তি আছেন।

তিনি বলেন, বর্তমানে শয্যাসংখ্যার প্রায় ৫ গুণ রোগী ভর্তি রয়েছে। ১১৮ জন রোগীকে অক্সিজেন সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নবনির্মিত লিকুইড অক্সিজেন ট্যাংক শিগগিরই চালুর আবেদন জানান তিনি।

বর্তমানে পুরো জেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৪৪ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া ৯৮২ জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।