বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ৭১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৩
বরিশাল বিভাগে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ১ হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এই বিভাগে করোনা শনাক্তের ক্ষেত্রে রেকর্ড। আর এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য বিভাগের উপাত্ত থেকে দেখা যায়, জুলাইয়ের ১১ দিনে এই বিভাগে ৪ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪০। আর এই ১১ দিনে করোনা পজিটিভ রোগী মারা গেছেন ৪৫ জন, যা মোট মৃত্যুর ১২ দশমিক ৮৯ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা যান আটজন। আর পজিটিভ পাঁচজনের মধ্যে দুজন পিরোজপুরে এবং বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠিতে একজন করে মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ৩৫ দশমিক শূন্য ৯।
স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল বিভাগে করোনার প্রথম ঢেউ শুরু হয় গত বছরের ৯ এপ্রিল। প্রথম ঢেউয়ের সময়কালে বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল গত বছরের জুনে ২৪৩। এবার মে মাসে দ্বিতীয় ঢেউ শুরুর পর ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এটা সত্য, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়। তিনি বলেন, ‘আমরা যত দূর খবর পাচ্ছি, সংক্রমণ বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার প্রবণতা বেড়েছে। উপসর্গ আছে এমন ব্যক্তিরা নমুনা পরীক্ষা না করে সবার সঙ্গে মেলামেশা করছেন। এমনকি অনেক শনাক্ত রোগীও নানা কারণে বাইরে বের হচ্ছেন। এটা রোধ করা না গেলে সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাবে না।’