বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় ও এর উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩৭৭ জন। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৭ জন। তাঁদের মধ্যে তিনজনই পটুয়াখালী জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে বরিশাল ও পিরোজপুরে দুজন করে এবং বরগুনা ও পিরোজপুর জেলায় তিনজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৫৮৫ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান ৭ জন। এ নিয়ে হাসপাতালে মোট ৮৮৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ২৪ দশমিক ৮৮ শতাংশ। এর আগের দিন বিভাগে ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮২।

নতুন শনাক্ত হওয়া ৪৭৩ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২২১ জন, পটুয়াখালীতে ৬৮ জন, ভোলায় ১০০ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ৪১ জন ও ঝালকাঠিতে ১৬ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট ৪০ হাজার ৫৯২ জনের করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৬৭০ জন বরিশাল জেলার বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৫ হাজার ৫৬১ জন, ভোলায় ৫ হাজার ৫২৭ জন, পিরোজপুরে ৪ হাজার ৯৫৩ জন, বরগুনায় ৩ হাজার ৪৮৪ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ৩৯৭ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে ৭ আগস্ট থেকে সংক্রমণের সংখ্যা ও হার কমতে থাকে। এই এক সপ্তাহে চার দিনই শনাক্তের সংখ্যা ৪০০-এর নিচে ছিল। এর মধ্যে এক দিন ছিল ১৯৫ জন। সংক্রমণের হার ২৩ থেকে ২৯ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এর আগে পুরো জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৬০০-এর ওপরে ছিল। আর হার ৩৯ থেকে ৪৬-এর মধ্যে ছিল। তবে মৃত্যুহার এখনো ঊর্ধ্বমুখী। এই হার ১ দশিমক ৪৪। তবে এই হার বরগুনায় বেশি, ২ দশমিক ৩২ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণের হার ও সংখ্যা এক সপ্তাহ ধরে কিছুটা কম। তবে এটা এখনো ২০ শতাংশের ওপরে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে গণ্য করা হয়। সে অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এটা ভাবার অবকাশ নেই। টিকা কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর সঙ্গে স্বাস্থ্যবিধি পালনে সাধারণ মানুষ সচেতন হলেই দ্রুত সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।