বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে পটুয়াখালীর একজন এবং বরিশাল ও ভোলার দুইজন করে আছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪৫ জনের মৃত্যু হলো। এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৮। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৪।

বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভোলায় সর্বোচ্চ ৪১ জন রয়েছেন। বাকিদের মধ্যে বরিশাল জেলায় ৩৮ জন, পটুয়াখালীতে ১৯ জন, পিরোজপুরে ১৯ জন, বরগুনায় ১৬ জন ও ঝালকাঠিতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ৩৭৮।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ২০ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের মধ্যে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা হয়। করোনার সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।