বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১০। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বরিশাল জেলার ৩ জন এবং বরগুনার ১ জন। এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত এই হাসপাতালে উপসর্গ নিয়ে মোট ৯২৫ জনের মৃত্যু হলো। তবে এর মধ্যে ৭০ জনের নমুনা পরীক্ষার ফল অপেক্ষমাণ আছে।

এদিকে বিভাগে গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষায় হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৮ দশমিক ৬০। এর আগের দিন বিভাগে ২৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সংক্রমণ হার ছিল ১৯ দশমিক ৭১। প্রায় আড়াই মাস পর ওই দিন এই বিভাগে শনাক্তের হার ২০ শতাংশের নিচে নেমেছিল।

নতুন শনাক্ত ৩২২ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪৬ জন আছেন। এ ছাড়া পটুয়াখালীতে ৪৩ জন, ভোলায় ৭২ জন, পিরোজপুরে ২২ জন, বরগুনায় ১৮ জন ও ঝালকাঠিতে ২১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন। বিভাগে সুস্থতার হার ৬৪ দশমিক ৯৭।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। জুলাইয়ে এসে তা ভয়াবহ রূপ নেয়। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সেটি অব্যাহত ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৩ জুন বিভাগে সংক্রমণ হার ছিল ১১ দশমিক শূন্য ৩। এরপর সংক্রমণ হার বাড়তে শুরু করে। এরপর জুলাই মাসে বিভাগে সংক্রমণ হার সর্বোচ্চ ৪৬ শতাংশে পৌঁছায়। ৭ আগস্টের পর থেকে সংক্রমণ হার নিম্নমুখী হতে শুরু করে। তবে এই হার ৩০-এর কাছাকাছি ছিল। মঙ্গলবার তা ২০ শতাংশের নিচে নেমে যায়। আজ বুধবারও সেটি অপরিবর্তিত আছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১০ দিন ধরেই বিভাগে সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থা ধরে রাখতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।