বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৩
বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) কিছুটা বেড়েছে। তবে শনাক্তের হার কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬৪ শতাংশ।
করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু আগের ২৪ ঘণ্টার চেয়ে বেড়েছে। এ সময় করোনায় ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৯ জনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫৬৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৯৮ শতাংশ। এই সময়ে করোনায় ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জনসহ ১১ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৫ জন। তাঁদের মধ্যে বরিশাল ও ভোলায় ২ জন করে চারজন। অপরজন বরগুনার। এ নিয়ে বিভাগে করোনায় ৫৯৫ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান ৯ জন। এ নিয়ে হাসপাতালে মোট ৯১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৩৯৩ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৪০ জন, পটুয়াখালীতে ৭৩ জন, ভোলায় ১১৩ জন, পিরোজপুরে ১৮৮ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ১৮ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট ৪১ হাজার ১৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড় অনেকটা কমে গেছে। আজ রোববার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১৬৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরেই এ হাসপাতালে রোগীর চাপ কম। গত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩০০ শয্যার বিপরীতে এখানে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।