বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইজারের করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও এক কোটি ডোজ করোনার টিকা অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া আরও কয়েক লাখ ডোজ টিকা আগামী মাসগুলোয় বাংলাদেশ এসে পৌঁছানোর কথা রয়েছে।

গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, সর্বশেষ এ অনুদানের ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ ৩ কোটি ৮৬ লাখের বেশি ডোজ। বাংলাদেশকে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা ১২ কোটি ১০ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, করোনার সংক্রমণের সাম্প্রতিকতম ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে তা রোধে বাংলাদেশকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা দ্বিগুণ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডোজগুলো শিক্ষার্থীদের পাশাপাশি যাঁরা তাঁদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছেন, তাঁদের টিকাদানের প্রক্রিয়াকে প্রসারিত করতে সাহায্য করবে। ঝুঁকিতে থাকা মানুষ অমিক্রনের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত করতে বুস্টার ডোজ নিতে পারবেন।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা অনুদান ছাড়াও যুক্তরাষ্ট্র জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযানে সমর্থন ও মহামারি মোকাবিলায় সরকারের প্রয়াস জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সাত হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে টিকার সঠিক ব্যবস্থাপনা ও প্রদানসংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছে।

২০২২ সালের মধ্যে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা বিশ্বব্যাপী অনুদানের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। সেই অঙ্গীকারের অংশ হিসেবে দেশটি বাংলাদেশকে ফাইজারের টিকা দিচ্ছে।

বিশ্বব্যাপী কোভ্যাক্স উদ্যোগকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত চার বিলিয়ন ডলার দান করেছে, যা বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায্য প্রাপ্তি নিশ্চিতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম দাতায় পরিণত করেছে।