বাড়ির মালিকদের তিন মাসের মর্টগেজ দিতে হবে না

আমেরিকার মিশিগানে 'স্টে হোম' আদেশের সময় সীমা আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ২৪ এপ্রিল রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে এক সংবাদ সম্মেলনে 'স্টে হোম' আদেশের সময় সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানোর এই ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে বাড়ির মালিকরা মর্টগেজ দিতে তিন মাসের জন্য গ্রেস পিরিয়ড পাবেন বলে জানা গেছে।
এর আগে মিশিগানে 'স্টে হোম' চলমান আদেশ আগামী ১ মে পর্যন্ত কার্যকর ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে গভর্নর শিথিলেরও ঘোষণা দিয়েছেন। গভর্নর বলেন, কিছু কিছু ব্যবসা আবার চালু হতে পারে। গলফ, মোটর চালিত নৌকা (বোট) চালানোর কর্মকাণ্ড চালানো যাবে তবে তাঁদের অবশ্যই সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে। মিশিগানবাসী বাসার আশপাশে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে না। তবে ফার্মেসি বা গ্রোসারি স্টোরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করেতে হবে।
মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৯১ জন। করোনাভাইরাস মহামারির কারণে ২৩ এপ্রিল মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এবং রাজ্যের বিমা ও আর্থিক পরিসেবা বিভাগ রাজ্যে বাড়ির মালিকদের মাসিক বন্ধক (মর্টগেজ) প্রদানে রিলিফ দেওয়ার ব্যাপারে দুই শতাধিক ব্যাংক ও ক্রেডিট ইউনিয়ন নিয়ে একটি বন্ধক ত্রাণ কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচির আওতায় বাড়ির মালিকরা তিন মাসের জন্য গ্রেস পিরিয়ড পাবেন বলে জানা গেছে।
গভর্নর বলেন, করোনার জন্য যেন কারও বাড়ি হারাতে না হয় সে কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দূর্যোগকালে বন্ধকের অর্থ প্রদান করতে হবে না, তবে গ্রেস পিরিয়ডের পর অবশ্যই এ তিন মাসের বন্ধকের অর্থ পরিশোধ করতে হবে। তবে এ ব্যাপারে বাড়ির মালিকদেরে কিছু নিয়ম মানতে হবে।