বিসিসিডিআই বাংলা স্কুল ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভির বৈশাখী মেলা স্থগিত
বৃহত্তর ওয়াশিংটনে করোনাভাইরাসের বিস্তার দ্রুত হারে বেড়ে চলার কারণে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিসিসিডিআই) বাংলা স্কুল ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিমএমভি বৈশাখী মেলা স্থগিত করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিউনিটির নিরাপত্তার কথা ভেবে এ মহামারির বিস্তার রোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিসিসিডিআই বাংলা স্কুল আয়োজিত বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিমএমভি আয়োজিত বৈশাখী মেলা ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারির আকার ধারণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিডিআই বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি ডিমএমভির প্রেসিডেন্ট আকতার হোসেন। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে অনুষ্ঠানের নুতন তারিখ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এখন বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করেছে বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, এ ভাইরাসের বিস্তারের ওপর তাঁরা সার্বক্ষণিকভাবে নজর রাখছিলেন এবং এ ব্যাপারে ‘ভীতিকর রকমের নিষ্ক্রিয়তা’ দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তবে বিভিন্ন দেশ এটা দেখাতে পেরেছে যে এই নতুন করোনাভাইরাসের বিস্তারকে দমন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব।
গত দুসপ্তাহে চীনের বাইরে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ গুণ বেড়েছে। কোনো ছোঁয়াচে রোগ মানুষ থেকে মানুষে সংক্রমণের মাধ্যমে পৃথিবীর বহু অংশে যখন ছড়িয়ে পড়ে, তখনই তাকে বলা হয় প্যানডেমিক বা ‘বিশ্বব্যাপী মহামারি’। বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৩৩৭ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২১ হাজার ৫৬৪ জন। অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে।
শুধু চীনেই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০ হাজার ৭৫৪। এখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের বাইরে ৩৩ হাজার জন আক্রান্ত হয়েছেন। চীনের পর করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ হাজার ১৪৯ এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ইরানে নয় হাজার, দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছে। ভারতে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৬২ হয়েছে। অন্যদিকে ইরানে এখন পর্যন্ত ৮ হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৯১ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৩০ জন
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৩০–এ দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও এর আশপাশের এলাকায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে দ্রুত হারে। ইতিমধ্যেই আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫ ছাড়িয়ে গেছে। ওয়াশিংটন ডিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিরাপদে অবস্থান করার আহ্বান জানিয়ে সভা–সমাবেশ এড়িয়ে চলবার অনুরোধ জানিয়েছে এবং বিভিন্ন কমিউনিটি ও সংগঠনের নেতৃবৃন্দকে একান্ত জরুরি না হলে সব প্রোগ্রাম বাতিল করার ও অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।