সপ্তদশীর মানবিকতায় অবাক বৃদ্ধ

করোনামহামারির কারণে বিশ্বজুড়ে মানুষ এখন কঠিন এক সময় পার করছে। মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। তবে এই সংকটের সময়ে অনেক মানুষ মানবিকতার এমন সব উদাহরণ তৈরি করছেন তাতে বলা যায়, মানুষ মানুষের জন্য।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জটাউনে একটি ছোট্ট গ্রোসারি স্টোর (মুদি দোকান) থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে যান প্রবীণ বাসিন্দা লেন ম্যাককিল। করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে খুব বেশি বের হতে পারছিলেন না লেন। রোজগারের পথও বন্ধ। সম্প্রতি মেইলে সরকারি ভাতার একটা চেক পান তিনি। চেকটা পেয়ে কিছু খাবার আর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান গ্রোসারি স্টোরে। যেহেতু এই পরিস্থিতে বের হওয়া সমস্যা তাই একটু বেশি করে কিনে রাখতে চাইছিলেন তিনি। দোকানে গিয়ে বেশ কিছু জিনিস কিনে মূল্য পরিশোধ করতে গিয়ে দেখেন ১৭৩ ডলার হয়েছে। তার কাছে ওতো ডলার নেই, আবার সিনিয়র নাগরিকদের ছাড়ের সময়টাও মিস করেছেন তিনি। কী করবেন ভাবছেন। সে সময় তাকে অবাক করে দেন বিল কাউন্টারে থাকা কিশোরী মেয়েটি।
১৭ বছরের কিশোরী এলিজাবেথ টেইলর ওই স্টোরের ক্যাশে কাজ করেন। সে যখন দেখল বৃদ্ধ ম্যাককিলের কাছে ১৭৩ ডলার নেই, সঙ্গে সঙ্গে তা নিজের অর্থ দিয়ে পরিশোধের কথা ভাবল সে। ম্যাককিলের কাছে ছিল ১৪০ ডলার। তিনি ভাবলেন কিছু পণ্য কেনা বাদ দিই। তিনি এলিজাবেথকে সেটি বললেনও। তবে এলিজাবেথ চটপট জবাব দিল, না না, এটা নিয়ে ভাববেন না। এর জন্য অর্থ প্রদান করা হয়েছে। ম্যাককিল অবাক হয়ে যান, কে এগুলোর মূল্য পরিশোধ করল? এলিজাবেথ জানায়, এগুলো দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিস। তাই সে বুঝতে পারছে এগুলো না কেনা ঠিক হবে না। এজন্য সে নিজের কাছ থেকে এগুলোর মূল্য পরিশোধ করে দিয়েছে।
ম্যাককিলকে বিস্মিত করে কিশোরী মেয়েটির এই বদান্যতা। কিশোর বয়সের কারও কাছে প্রতিটি পয়সার মূল্য কত তা তিনি জানেন। তাঁর মনে হলো, কিশোরীটি যেন এক দেবদূত। দিনের আলো।
এলিজাবেথের এই মানবিকতাবোধ গণমাধ্যমের কানে পৌঁছায়। অনেক পত্রিকাতেই ছাপা হয় তার এই গল্প। গুডনিউজ নেটওয়ার্কে প্রতিবেদন ছাপা হয় তাঁকে নিয়ে। সাংবাদিকেরা তার কাছে জানতে চান, কেন ওই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করলেন তিনি। এলিজাবেথ বলে, আমরা অনেক বৃদ্ধ মানুষকে দেখছি মুদি দোকানে জিনিস কিনতে আসছেন। অনেক দোকানেই জিনিসপত্র শেষ। প্রবীণ ব্যক্তিদের এ জন্য অনেক কষ্ট করতে হয়। তাই আমি যখন পারি তখনই সাহায্য করার চেষ্টা করি।