বৃষ্টি আর বিধিনিষেধে ঢাকা প্রায় ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে সড়কে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ। এলিফ্যান্ট রোড, ঢাকা। ২৪, জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আর বিধিনিষেধে আজ শনিবার রাজধানীর ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা। রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি।

গুলশান, নাবিস্কো, বাড্ডা, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, মোহাম্মদপুর, শ্যামলী এলাকার রাস্তায় প্রাইভেট কার, রিকশা, খাদ্যসামগ্রী বহনকারী যান, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্সসহ ছোট ছোট কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে সেগুলো একেবারে হাতে গোনার মতো। এসব সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে পুলিশ, আছে চেকপোস্ট।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোরতম বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। বিধিনিষেধের প্রথম দিনে গতকাল শুক্রবারের তুলনায় আজ যানবাহন একটু বেশি।
রাস্তায় যাঁরা বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে পুলিশকে। যথাযথ কারণ দেখাতে না পারলে অনেককে জরিমানা করা হয়েছে। অনেকে আবার সদুত্তর দিয়ে ছাড় পেয়েছেন। বিধিনিষেধ মানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাইরেন বাজিয়ে টহল দিতে দেখা গেছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। পবিত্র ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করা হয়। এই হিসাবে কঠোরতম বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ।

মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। আর এই বিধিনিষেধ ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’ হবে বলে এর আগে বৃহস্পতিবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার স্বাস্থ্যবিধি না মানা এবং বিধিনিষেধের মধ্যে ঘর থেকে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারায় সারা দেশে র‍্যাবের ১২টি ভ্রাম্যমাণ আদালত ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে, বিধিনিষেধের প্রথম দিনে সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অনিয়মের কারণে ৪০৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ট্রাফিক বিভাগ ৪৪১টি যানবাহনকে ১০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে।