পাশ দিয়ে আকর্ষণীয় একজন হেঁটে যাচ্ছে, অসম্ভব আবেদনময়ী তার চাহনিটা বুকের ভেতর কেমন যেন ওলট-পালট করে দিয়ে গেল! মনের অজান্তেই অস্ফুট উচ্চারণ, হাউ সুইট!
আবার বন্ধুদের তুমুল আড্ডা চলছে, এরই মধ্যে উটকো কেউ এসে কী যেন বলল। লোকটি দেখতে কেমন ম্যাড়মেড়ে, কথা বলে আবার গেঁয়ো ভাষায়! বন্ধুদের মধ্যে একজন ব্যঙ্গ করে বলে উঠল, হাউ সুইট!
আসলে ‘হাউ সুইট’ জাতীয় রসিকতার সঙ্গে কম-বেশি আমরা সবাই পরিচিত। রসাত্মক বা ব্যঙ্গাত্মক অর্থেই সাধারণত এই শব্দযুগল ব্যবহৃত হয়। হাউ সুইটের বাংলা তর্জমা সবারই জানা—‘কী মিষ্টি’, ‘কী মধুর’, ‘কী রসালো’ ইত্যাদি! ভাব প্রকাশের আবেগী এই শব্দগুলো যেভাবেই ব্যবহৃত হোক না কেন, চিনি নামক মিষ্টি স্বাদযুক্ত একটি পদার্থের সঙ্গে এদের কোন সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে! যদিও ‘আমি চিনি গো চিনি তোমারে’-এর সঙ্গে সেই চিনির কোন সম্পর্ক নেই। তবে ‘চিনি’–কে আমরা খুব ভালোভাবেই চিনি! কী আশ্চর্য! একটা বাক্য, অথচ একই শব্দ দুইবার এসেছে ভিন্ন অর্থ (রূপ) নিয়ে! এখানে বাংলা ভাষার সঙ্গে বাঙালির চরিত্রের নিবিড় একটা মিলও খুঁজে নিতে পারেন কেউ কেউ। হাউ সুইট!
চিনি আসলে বাঙালির বাঙালিত্বকেও করেছে মহিমান্বিত! আমাদের খাদ্যতালিকায় মিষ্টি না থাকলে তো সে খাদ্য আবার পরিপূর্ণতা পায় না, কেমন যেন লবণ লবণ লাগে! গল্পের আদরের সেই ছোট্ট মেয়েটি যদি তার মহাশক্তিধর বাবাকে ‘লবণের মত ভালোবাসি’ না বলে হাই সুইট বাবা, আমি তোমাকে ‘চিনির মত ভালোবাসি’ বলতো, তাহলে হয়তো সত্যবাদী মেয়েটিকে বনবাসে যেতে হতো না!
তো যাই হোক, চিনির কথায় ফিরে আসি। চিনিকে ইংরেজিতে সুগার বা কার্বোহাইড্রেট বলা হয়। অনেকে আবার আদর করে ‘কার্ব’ বলেও ডাকে। স্থান, কাল, পাত্র ভেদে এই চিনি আবার বহু রূপের এবং গুণের হয়ে থাকে! প্রকার ভেদে এদের অনেক ‘রাসায়নিক হাত’ থাকে, যে কারণে একটা চিনি প্রকৃতিতে কয়েকটা চিনির সঙ্গে শেকল হয়ে লেগে থাকে বা অন্যান্য রাসায়নিক পদার্থের সঙ্গে যৌগ গঠন করে থাকতে পারে! খুবই জটিল ব্যাপার!
মিষ্টি বা মধুর এই কার্বগুলো ক্ষেত্র বিশেষে বদের হাড্ডি বা অপদার্থ প্রকৃতিরও হয়! যেমন অতিরিক্ত খাওয়ার কারণে অপদার্থ কার্ব শরীরকে ‘চিনিময়’ বা ‘মেদময়’ করে তোলে, যা কিনা বিভিন্ন রোগের কারণ হতে পারে। চিনিময় হওয়ার কারণে সেই ব্যক্তিটিকে শুনতে হতে পারে ‘হাউ সুইট’! কিন্তু আমরা সবাই জানি, ডায়াবেটিস রোগীর সঙ্গে চিনির কী ভীষণ শত্রুতা! আবার ‘সিক্স প্যাক’ ধরনের শারীরিক গঠন চাইলে প্রথমেই বলা হয় কার্ব খাওয়া একদম কমাতে হবে। কার্বই আবার মানুষের শরীরের শক্তির মূল জোগানদাতা। লোহিত রক্ত কণিকার বাইরের আচরণে অবস্থিত কার্বের গঠনশৈলীই নির্ধারণ করে আমাদের শরীরে রক্তের বিভিন্নতা।
শুধু কি মানুষ? আমাদের চারপাশে প্রকৃতি যা কিছু আপন মনে সাজিয়ে রেখেছে, তার সবকিছুতেই আছে কার্বের উপস্থিতি। বলে শেষ করা যাবে না। গাছের শক্ত বাকল বা চিংড়ির শক্ত আবরণও কিন্তু কার্ব দিয়েই তৈরি। ‘মানুষ কেন গরুর মত ঘাস-পাতা খেতে পারে না, শুধু খায় ভাত’ তার কারণও কিন্তু এই কার্ব! ভাত আর ঘাস একই ধরনের কার্বের অতি দীর্ঘ শেকল দিয়ে তৈরি হলেও পার্থক্য শুধু গঠনশৈলীতে। ঘাস হজম করার যে হজমি বা এনজাইম, গরুর পেটে তা আছে, কিন্তু মানুষের নেই। আমরা যে বায়োফুয়েল বা জৈবজ্বালানির কথা বলি, তাও কিন্তু সেল্যুলোজ নামক একধরনের কার্ব থেকেই তৈরি।
‘যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি’র কারণ যে মদ, সেটিও কিন্তু বানানো হয় চিনি থেকেই! বেটা চিনি একটা মাতালও বটে!
আগেই বলেছি, চিনির কথা বলে শেষ করা যাবে না! বর্তমানের যে মহামারি, তার পেছনেও আছে চিনির ‘কালো হাত’! গত কয়েক শ বছরের ইতিহাসে যে কয়েকটি বৈশ্বিক মহামারি মানবজাতির অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছিল, তাদের মধ্যে বুবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথ ছাড়া বাকি প্রায় সবই ভাইরাসজনিত কারণে সংঘটিত হয়েছিল। গুটিবসন্ত, স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা, এইডস এদের মধ্যে অন্যতম। তা ছাড়া আছে মার্স, সার্স, সোয়াইনফ্লু নামক ভাইরাসজনিত সংক্রামক রোগ! সবচেয়ে ভয়ংকর যে ইবোলা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব আফ্রিকার কয়েকটি দেশে, সেটাও বিশেষভাবে উল্লেখযোগ্য। আর করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি তো পুরো বিশ্বকেই করে রেখেছে গৃহবন্দী; হত্যা করছে হাজার হাজার মানুষকে! ভাইরাস নামক ভয়ানক এই সন্ত্রাসীরা মানব শরীরে ঢুকে, মানুষেরটা খেয়ে–পরে অর্থাৎ মানুষের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে চালায় নির্বিচার হত্যালীলা!
মানবশরীরে প্রবেশ, রোগ তৈরি এবং মানুষকে হত্যার প্রক্রিয়া ভিন্ন হলেও ওপরে উল্লেখিত ভাইরাসগুলোর শারীরিক গঠনে আছে একটা বিশেষ মিল! এরা সবাই লিপিড নামক একটা রাসায়নিক পদার্থের আবরণ দিয়ে মোড়ানো থাকে! প্রসঙ্গক্রমে বলে রাখি, লিপিডের আবরণের কারণেই এই ভাইরাসগুলোকে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার জাতীয় তরল পদার্থ দিয়ে অতি সহজেই ধ্বংস করা যায়, অনেকটা সাবান দিয়ে তৈলাক্ত থালা-বাসন মাজার মতোই! তো ভাইরাসদের এই লিপিডের সঙ্গে যুক্ত থাকে এক ধরনের প্রোটিন। করোনাভাইরাসের এই প্রোটিনকে বলা হয় ‘স্পাইক প্রোটিন’। ভাইরাস সন্ত্রাসীদের এই প্রোটিনগুলো আবার সুন্দর করে সাজানো থাকে বিভিন্ন ধরনের চিনির সমন্বয়ে গঠিত অত্যন্ত জটিল প্রকৃতির চিনিগুচ্ছ দিয়ে। এই চিনিগুচ্ছগুলো ভাইরাসের চতুর্দিকে এমন সুন্দর ও ঘন হয়ে থাকে যে, এদের অনেকটা আমাজন জঙ্গলের সঙ্গেও তুলনা করা যায়! বিপত্তিটা আসলে এখানেই!
ভাইরাসের শরীরের চিনিগুচ্ছগুলো আসলে একেকটা বদের হাড্ডি! দেখতে বেশ সুন্দর হলে কী হবে, এরা বেশির ভাগ ক্ষেত্রেই ভাইরাসদের মানব শরীরে প্রবেশের পথ সুগম করে দেয়! শুধু তাই না, এরা ধোঁকাবাজদের মত মানুষের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে হলেও ধোঁকা দিয়ে নিষ্ক্রিয় করে রাখতে পারে। কারণ, আমাদের শরীরের রোগ প্রতিরোধের যে যন্ত্রপাতি, সেগুলো ভাইরাসের প্রোটিনকে শনাক্ত করতে পারলেই কেবল এই জাতীয় ভাইরাস নামক শত্রুদের আক্রমণ করে এবং তাদের ধ্বংস পারে। তো চিনির এই জটিল গুচ্ছগুলো সেই প্রোটিনকে সযত্নে লুকিয়ে রাখে! ফলে আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাথমিক পর্যায়ে প্রোটিনকে চিনতে না পারার কারণে সাধারণত কোন প্রতিরোধ তৈরি করতে পারে না।
ভাইরাসের প্রকারভেদ এবং উৎসের ওপর ভিত্তি করে চিনির এই গুচ্ছগুলোর গঠনশৈলী আবার ভিন্ন ধরনের হয়। যে ভাইরাসে চিনিগুচ্ছের গঠন যত জটিল এবং ভাইরাস যত বেশি চিনিময় হবে, সে ভাইরাসকে মানব শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করা তত বেশি কঠিন। ফলে সে ভাইরাস ততটাই সফলভাবে বংশবিস্তার ও মানবশরীরে তাদের ধ্বংসলীলা চালিয়ে যেতে সক্ষম। সত্যি, ‘হাউ সুইট’–এর কি ভয়ানক পরিণতি!
অতি সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস বা কোভিড-১৯–এর স্পাইক প্রোটিনে চিনির পরিমাণ ওপরে উল্লেখিত অন্যান্য ভাইরাসের তুলনায় কিছুটা কম! অর্থাৎ এই ভাইরাস একটু কম ‘মিষ্টি’! এটি একদিকে মন্দের ভালো! কারণ, কম চিনিময় হওয়ার ফলে মানবশরীরের রোগ প্রতিরোধক ক্ষমতার পক্ষে করোনাভাইরাসকে শনাক্ত করা তুলনামূলকভাবে সহজ হওয়ার কথা। আবার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও সমস্যা একটু কম হওয়া উচিত! কারণ, পুরো ভাইরাস বা প্রোটিনকে ব্যবহার করেই সাধারণত ভ্যাকসিন তৈরি করা হয়, যেখানে চিনির উপস্থিতি অনিবার্য। অর্থাৎ চিনির পরিমাণ কম থাকার কারণে ঝামেলাও কম হওয়ার কথা! তারপরেও চিনি থেকে আসলে মুক্তি নাই! কারণ, যেকোনো কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে হলে চিনির সঠিক গঠনশৈলী, পরিমাণ এবং প্রোটিনের কোন কোন অংশে এবং কীভাবে সংযুক্ত থাকে, তা জানা থাকাও গুরুত্বপূর্ণ। এই কাজটি অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষও বটে।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি এবং মানবশরীরে কার্যকর ভাবে এর প্রয়োগ করার আগ পর্যন্ত নিজেদের রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকা। কিন্তু মানুষতো ‘সামাজিক জীব’। মধুর এই সত্যটা প্রমাণ করার জন্য মহামারির এই কঠিন সময়েও আমরা এত মরিয়া। যেখানে সংক্রামক এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবার ঘরে বা নিরাপদ দূরত্বে থাকা জরুরি, সেখানে বিভিন্ন অজুহাতে আমরা দল বেঁধে বাইরে বের হচ্ছি, হাজারে হাজারে জমায়েত হচ্ছি বিভিন্ন জায়গায়। এই সুযোগে এই ভাইরাস সন্ত্রাসীটা এক মানুষ থেকে সংক্রমিত হচ্ছে শয়ে শয়ে মানুষে। চীনের হুবেই প্রদেশ থেকে শুরু হয়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার কিন্তু মানুষের মাধ্যমেই। এখন মিষ্টি এই ভাইরাসের আশ্রয়স্থলও কিন্তু মানুষ। আর এর সঙ্গে মানুষের এই অনাকাঙ্ক্ষিত বন্ধন চিনি বা কার্বের কারণেই। আসলে, করোনাভাইরাসের বেঁচে থাকা এবং আপন মনে পুরো মানবজাতিকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোর পেছনে আমাদের অবদানও কম নয়! যত তাড়াতাড়ি আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারব, ততই মঙ্গল।
হয়তো মহামারির এই ধ্বংসযজ্ঞ থেকে একদিন আমরা মুক্তি পাব; ঘুরে বেড়াব মুক্ত বিহঙ্গ হয়ে! কিন্তু এই মহামারি আমাদের জন্য রেখে যাবে অমোচনীয় গভীর এক ক্ষত, সীমাহীন শূন্যতা, স্বজন হারানোর অসহ্য যন্ত্রণা আর ভালোবাসাহীন অসম এক পৃথিবী! সেখান থেকেই শুরু হোক আমাদের নতুন পথচলা। যে পথ আমাদের আশা দেবে, দেবে স্বপ্ন দেখার অবিরাম সুযোগ! সে পথ হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার শুরু। স্থাপিত হোক বিজ্ঞান চর্চার বিশ্বমানের কিছু কেন্দ্র। গবেষণালব্ধ জ্ঞান হোক সে নতুন পথের পথ প্রদর্শক! আমরা তৈরি থাকব নতুন কোন মহামারি মোকাবিলার। চিনিময় হোক মহামারি পরবর্তী আমাদের সবার জীবন!
লেখক: আমেরিকায় সরকারি একটি নিয়ন্ত্রক সংস্থায় অণুজীব বিজ্ঞানী হিসেবে কর্মরত এবং জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি বিষয়ের শিক্ষক। ইমেইল: [email protected]