মহামারির আশঙ্কায় আগে থেকেই বিল গেটসের বেসমেন্টে খাবার মজুত

কোভিড-১৯ মহামারির মধ্যে বিশ্বজুড়ে মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত কেনাকাটা করছে। সম্ভাব্য ঘাটতির ভয়ে খাবার, টয়লেট পেপার প্রভৃতি ঘরে জমা করছে। কিন্তু এ মহামারি আসার কয়েক বছর আগে থেকেই বাড়ির বেসমেন্টে খাবার মজুত করা শুরু করেছিলেন বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিবিসি রেডিও লাইভকে মেলিন্ডা গেটস বলেন, ‘কয়েক বছর আগে আমরা এ ধরনের বিষয় নিয়ে কথা বলেছিলাম। যদি পান করার জন্য পরিষ্কার পানি না থাকে। যদি যথেষ্ট খাবার না থাকে? আমরা কোথায় যাব? পরিবার হিসেবে আমরা কী করব? আমি ভেবেছিলাম, আমাদের এ বিষয়ে নিজেদেরই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা তাই প্রস্তুত হয়েছিলাম। আমরা প্রয়োজনের সময় ব্যবহারের জন্য বেসমেন্টে কিছু খাবার রেখে দিয়েছিলাম। এখন আমরা সবাই সেই পরিস্থিতির মধ্যে এসে পড়েছি।’
মেলিন্ডা গেটস বলেন, ‘তাঁরা নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নিয়ে প্রস্তুতি নিতে পারেননি। কারণ, কোভিড-১৯–এর জন্য তো কোনো উপকরণ ছিল না। এটা এমন একটা রোগ, যাতে আমরা সবাই একই সমস্যায় পড়েছি।’
অবশ্য মেলিন্ডা গেটস নিজের পরিবারের বিশেষ সুবিধার কথাও স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রতি রাতে আমাদের বাড়িতে এখন প্রায়ই যে বিষয় নিয়ে কথা বলি, তা হলো আমরা কত ভাগ্যবান। আমরা আমাদের বিশেষ সুবিধার কথা বুঝি। যখন আমরা রাতে আমাদের অনুগ্রহের কথা বলি, আমরা টেবিলে রাখা খাবারের জন্য কৃতজ্ঞতা জানাই যে সারা বিশ্বের অনেকের পরিবারের মতো আমরা তার জন্য সংগ্রাম করছি না।’
২০১০ সালের দিকে বিল গেটস এক ব্লগ পোস্টে সম্ভাব্য মহামারির বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন।
২০১৮ সালের এপ্রিল মাসে বিল গেটস ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি ও নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘বিশ্বকে মহামারিগুলোর জন্য যুদ্ধের মতো গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’
স্নায়ুযুদ্ধের সময় বড় হওয়া বিল গেটস একেবারে ছোটবেলা থেকেই যুদ্ধাবস্থার প্রস্তুতি নিয়ে রাখতেন। তাঁর পরিবারের বেসমেন্টে একটি ব্যারেলে আগে থেকেই ক্যানজাত খাবার ও পানি ভরা থাকত।
২০১৫ সালে টেডটকে বিল গেটস বলেছিলেন, ‘আমি যখন শিশু ছিলাম, আমরা পারমাণবিক যুদ্ধের ধ্বংস নিয়ে বেশি ভীত থাকতাম। যদি পারমাণবিক আক্রমণ আসত, তবে আমরা সিঁড়ির নিচে চলে যেতাম ও ব্যারেলের খাবার খেতাম। কিন্তু এখন বিশ্বের ভয়াবহ ঝুঁকি আর সে রকম নেই। এটা এখন সংক্রমণ ছড়ানো ভাইরাসের মতো।’
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কোভিড-১৯ ত্রাণকাজের জন্য বিশ্বজুড়ে ২৫ কোটি মার্কিন ডলারের বেশি দানের প্রতিশ্রুতি দিয়েছে।