মহামারির কালে ভারতে বাক্স্বাধীনতায় আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতকে এখন দুদিক থেকে লড়তে হচ্ছে। একদিকে বৈশ্বিক মহামারি, অন্যদিকে লকডাউনের কারণে আটকা পড়া পরিযায়ী শ্রমিক ও গৃহহীনসহ লাখ লাখ হতদরিদ্র মানুষের রুটি–রুজির জন্য আহাজারি।

মহামারি, যুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো বিপর্যয় দেখা দিলে সরকারগুলো ঐতিহাসিকভাবেই গণতান্ত্রিক অধিকার ও বাক্‌স্বাধীনতা দাবিয়ে রেখে ক্ষমতাচর্চার এখতিয়ারের সীমানাকে অনেক বেশি সম্প্রসারিত করে। আর একবার যখন সরকারগুলো অধিক ক্ষমতাচর্চার স্বাদ পেয়ে যায়, তখন উদ্ভূত পরিস্থিতি কেটে যাওয়ার পরও তারা তা পরিত্যাগ করতে চায় না।

১৮৯৭ সালে ভারতজুড়ে প্লেগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তখনকার অন্যতম স্বাধীনতাকামী নেতা বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ সরকারের মহামারি ব্যবস্থাপনা নীতির সমালোচনা করেছিলেন। এ কারণে তাঁকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। ঔপনিবেশিক আমলে তিনিই প্রথম কোনো ভারতীয়, যাঁকে রাষ্ট্রদ্রোহের দায়ে জেলে পোরা হয়।

বাল গঙ্গাধর তিলক তাঁর লেখায় প্লেগ সামলাতে ঔপনিবেশিক সরকারের ব্যর্থতার কথা বলেছিলেন। এই কারণ দেখিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যাচ্ছিল না বলে তৎকালীন আদালত রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাকে আগের চেয়ে আরও প্রসারিত করেছিলেন। মহামারি মোকাবিলা নিয়ে সরকারের সমালোচনা ঠেকাতে ব্রিটিশ সরকার তখনকার আইনকেই বদলে ফেলেছিল। করোনাভাইরাসের কারণে ১২৩ বছর পর স্বাধীন ভারতে সেই ধারা ফিরতে শুরু করেছে।

ভারতের তিনটি রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, মহামারি–সংক্রান্ত কোনো স্পর্শকাতর খবর বা তথ্য খবরের কাগজ ছাপতে চাইলে বা টেলিভিশন স্টেশন সম্প্রচার করতে চাইলে এ বিষয়ে আগে রাজ্য সরকারের ছাড়পত্র নিতে হবে। এই ব্যবস্থা দেশটির সবগুলো রাজ্যে চালু করার অনুমোদন চেয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট আবেদনটি মঞ্জুর করেননি, তবে আদালত সংবাদমাধ্যমগুলোকে সাবধান করে বলেছেন, মহামারির কোনো খবর প্রচার করার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সুপ্রিম কোর্টের এই মনোভঙ্গি জনগণের বাক্‌স্বাধীনতার গণ্ডিকে সংকুচিত করার জন্য যথেষ্ট।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করতে সরকারের পক্ষ থেকে ১৮৯৭ সালের এপিডেমিকস ডিজিজ অ্যাক্ট পুনর্বহালের জন্য সরকারের পক্ষ থেকে পিটিশন করা হয়েছিল। অথচ এই আইনের বিরুদ্ধে বাল গঙ্গাধর তিলক লড়াই করেছিলেন। এই আইনে সংবাদমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছিল। শুধু ওই আইন নয়, ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও একই ধরনের নিবর্তনমূলক বিধি রাখা আছে। আর আইনকানুনের বাইরে গিয়ে সরকারের তরফ থেকে নাগরিকদের সব সময় জানানো হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের জন্য বিব্রতকর হবে এমন কিছু লেখা যাবে না।

কয়েক দিন আগে, উত্তর প্রদেশের বিজয় বিনীত নামের একজন সাংবাদিক এক প্রতিবেদনে বলেছিলেন, অপরিকল্পিত লকডাউনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকায় দলিত মুশাহার সম্প্রদায়ের কয়েকটি পরিবার ক্ষুধার জ্বালা সইতে না পেরে ঘাস সেদ্ধ করে খেয়েছে। এরপরই বিজয়কে প্রশাসনের লোকজন এসে সতর্ক করে বলেছেন, তাঁর প্রতিবেদন জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এর কয়েক দিন পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করার কারণে প্রতিষ্ঠানবিরোধী প্রকাশনা হিসেবে পরিচিত দ্য ওয়্যার-এর সম্পাদক সিদ্ধার্থ ভরদ্বাজের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় দুই শ জন সাংবাদিক এই মামলা
করার বিষয়ে নিন্দা জানালেও ভরদ্বাজের বিরুদ্ধে দিল্লি থেকে ৭ শ কিলোমিটার দূরের ছোট্ট শহরের একটি আদালত সমন জারি করেন। এই লকডাউনের মধ্যে এত দূর পাড়ি দেওয়া অসম্ভব জেনেও ভরদ্বাজকে সেখানে হাজির হতে বলা হয়। এর মধ্য দিয়ে বাক্‌স্বাধীনতাবিরোধী ধারাগুলোকে অপব্যবহার করার প্রবণতা সরকারের মধ্যে লক্ষ করা যাচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে ভারতের মুসলমান সম্প্রদায়কে করোনাভাইরাস ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ী করা হচ্ছে। হিন্দুত্ববাদী দলগুলোর এই একপেশে দোষারোপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেকেই সমালোচনা করেছে। তাবলিগ জামাতের মাধ্যমে মুসলমানরা করোনাভাইরাস ছড়িয়েছে—এভাবে ঢালাও দোষারোপ অব্যাহত রয়েছে এবং এই দোষারোপ করা থামানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও তাঁর ভাষণে কিছু বলেননি। তিনি নিয়মিত টেলিভিশনে ভাষণ দিচ্ছেন, কিন্তু এসব বন্ধ করতে বলছেন না।

মহারাষ্ট্রের প্রখ্যাত অধিকারকর্মী হারশালি পোদ্দার কয়েক বছর ধরে শুধু বিজেপিবিরোধিতার কারণে প্রশাসনের টার্গেটে রয়েছেন। ভারতে মুসলমানদের অধিকার দেওয়া হচ্ছে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা দেশের সবখানেই চিকিৎসকদের বলে দেওয়া হয়েছে, দেশের স্বাস্থ্য অবকাঠামোর করুণ দশা নিয়ে তাঁরা যেন সাংবাদিকদের কাছে মুখ না খোলেন।

কলকাতার একটি হাসপাতালে কর্মরত ইন্দ্রনীল খান বলেছেন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) না পেয়ে ডাক্তাররা নিজেদের শরীরে পলিথিন জড়িয়ে কর্তব্য পালন করছেন—এ রকম একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন। এরপর পুলিশ তাঁকে ডেকে নিয়ে টানা ১৬ ঘণ্টা জেরা করেছে এবং ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর পর তাঁরা তাঁকে বাসায় ফিরতে দিয়েছে।

সংবাদমাধ্যমকে হাতের মুঠোয় রাখতে সরকারের লোকজন শুধু সাংবাদিকদের সঙ্গেই কথা বলছেন না, মিডিয়া মালিকদেরও তাঁরা নানাভাবে বোঝাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি দেশের প্রধান দৈনিকগুলোর মালিকদের সঙ্গে মিটিং করেছেন। সেখানে তিনি মালিকদের বুঝিয়েছেন, করোনাভাইরাস নিয়ে নেতিবাচক খবর না দেওয়াই ভালো হবে। অর্থাৎ তিনি সংবাদমাধ্যমকে সেলফ সেন্সরশিপের দিকে ঠেলে দিয়েছেন।

লকডাউনের কারণে ভারতের মানুষ যে নিদারুণ ক্ষুধার কবলে আছে, সেই ছবি সেলফ সেন্সরশিপের কারণে ঢাকা পড়ে যাচ্ছে। সেই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। ভারতের গণতন্ত্র দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এর চেয়ে ভয়ের কথা হলো, ভারতের সাধারণ মানুষের প্রত্যেককে এখন করোনাভাইরাসের দোহাই দিয়ে সেলফ সেন্সরশিপের আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে গণতন্ত্র বন্দী হয়ে পড়ছে।

ইংরেজি থেকে অনূদিত। আল–জাজিরা থেকে নেওয়া