মাদারীপুরে করোনা রোগী ৫ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হলো। তবে জেলায় নতুন করে কারও করোনায় মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে ২২৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, কালকিনিতে ১৫ জন, রাজৈরে ৭ জন ও শিবচরে ১৮ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ শতাংশ।

জেলার করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসেই জেলায় নতুন করে দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সাত দিনে আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, বর্তমানে জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজৈরে ১ হাজার ১৮৮ জন, কালকিনিতে ৮০৬ জন ও শিবচরে ৯৯৪ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৬ জন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন। এর মধ্যে হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন। বাকি ১ হাজার ৩০৮ জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলার করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসেই জেলায় নতুন করে দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সাত দিনে আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ১৫ জনের বেশি রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৭০ ভাগই গ্রামাঞ্চলের রোগী। সবাই টিকা নিলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করেন জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মীর রায়হান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সংক্রমণ ও মৃত্যু বাড়ার অন্যতম কারণ মানুষের অসচেতনতা। কঠোর বিধিনিষেধের মধ্যেও মানুষ অকারণে বাড়ি থেকে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও তাঁরা উদাসীন। এদিকে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা স্বজনেরা কোয়ারেন্টিন না মেনে বাইরে চলাফেরা করাসহ নানা কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

জানতে চাইলে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মীর রায়হান প্রথম আলোকে বলেন, তিন কারণে জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। প্রথমত, সরকার বিনা মূল্যে করোনা পরীক্ষা করায় মানুষের নমুনা পরীক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। ফলে শনাক্তের হারও বেড়েছে। দ্বিতীয়ত, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই। আর ডেলটা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে জেলায় সংক্রমণ বেশি হওয়ার পেছনে তাঁরা এই তিনটি কারণ চিহ্নিত করেছেন।

মীর রায়হান আরও জানান, গত এক মাসে যে পরিমাণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে, তা আগে কখনো করা হয়নি। এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৭০ ভাগই গ্রামাঞ্চলের রোগী। সবাই টিকা নিলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করেন তিনি।

এদিকে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ফলে জটিল রোগীদের চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইসিইউর অভাবে অনেক রোগী মারাও যাচ্ছেন বলে অভিযোগ করছেন রোগীর স্বজনেরা।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মাদারীপুরে শিবচর উপজেলার একজন রোগী থাকায় ওই উপজেলায় দেশের প্রথম লকডাউন কার্যকর করা হয়।