মানিকগঞ্জে করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯২৫। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৪৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৪৩ দশমিক ২৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৬০ জন রয়েছেন।

এ ছাড়া ঘিওরে ১৮ জন, শিবালয়ের ১৬, সিঙ্গাইরে ৫৪, হরিরামপুরে ২০, সাটুরিয়ায় ১০ ও দৌলতপুরে ১৮ জন করে শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কোভিড ডেডিকেটেট হাসপাতালে করোনা ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে দুজন করে মারা গেছেন।

জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, গেল কয়েক দিন ধরে জেলার করোনা হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি হয়েছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়েও জেলায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে।

যদিও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের মৃত্যুর এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্থানীয় হাসপাতালের তথ্যমতে, করোনা উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত তিন শতাধিক রোগী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করে জনসাধারণের অবাধ চলাফেরা ও মাস্ক ব্যবহার না করায় সংক্রমণ বাড়ছে। বিশেষ করে গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ব্যাপক অনীহা রয়েছে। চলমান সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও কঠোর বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন তিনি।