মানিকগঞ্জে করোনায় আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৫৪। এদিকে গত এক দিনে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত জেলায় ৮৮১ জনের নমুনা পরীক্ষায় হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিঙ্গাইরে সর্বোচ্চ ৮৫ জন, জেলা সদরে ৫০ জন, শিবালয়ে ১৪ জন, হরিরামপুরে ৫ জন, সাটুরিয়ায় ১৯ জন, দৌলতপুরে ১০ ও ঘিওরে ১ জন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় ১১৬ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৮ জন।
এদিকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে আজ বেলা ১১টা পর্যন্ত এ হাসপাতালে ২০৪ রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ ওয়ার্ডে ১৪৪ জন এবং আইসোলেশনে ৬০ জন চিকিৎসা নিচ্ছেন।
গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১৬ মে জেলায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে জেলায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করে জনসাধারণের অবাধ চলাফেরা, মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতার কারণেই জেলায় সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে টিকা নিতে এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।