মানিকগঞ্জে ৬৫টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে করোনার সংক্রমণের হার ও মৃত্যু দুটোই বাড়ছে। ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় ৫৭ শতাংশ। এ ছাড়া এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। ২৪ ঘণ্টায় জেলার ছয়টি উপজেলায় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৫৬ দশমিক ৯২।
২৪ ঘণ্টায় জেলা সদরে ১৪ জন, ঘিওরে ৮ জন, শিবালয়ে ৭ জন, সিঙ্গাইরে ৬ জন, সাটুরিয়া ও হরিরামপুরে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে দৌলতপুর উপজেলায় করোনার কোনো রোগী শনাক্ত হয়নি। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮৭। এর মধ্যে ২ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হলো।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। চলমান বিধিনিষেধে লোকজন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন। তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না। করোনার বিস্তার রোধে তিনি সবাইকে বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।