রাজ্যে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমছে
মিশিগান গভর্নরের জরুরি অবস্থা জারির আদেশ বৈধ: অ্যাটর্নি জেনারেল

মিশিগানে করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যে জরুরি অবস্থা জারি করতে গভর্নর গ্রিচেন হুইটমারের দেওয়া আদেশকে বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল। তিনি বলেন, এ নিয়ে অহেতুক বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।
গভর্নর গ্রিচেন হুইটমার করোনাভাইরাস মোকাবিলায় নির্বাহী আদেশের মাধ্যমে ২৮ মে পর্যন্ত রাজ্যে জরুরি অবস্থা জারি করেন। এতে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ৪ মে মিশিগানের রিপাবলিকান পার্টির রিপ্রেজেনটেটিভ পল মিশেল গভর্নর গ্রিচেন হুইটমার এবং রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডনকে আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল ওই মন্তব্য করেন।
মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, রাজ্যে তিন দিন ধরে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং আক্রান্ত হন ৪৪৭ জন। আগের দিন ৪ মে মৃত্যু হয় ৮৬ জনের এবং আক্রান্ত হন ১৯৬ জন, ৩ মে মৃত্যু হয় ২৯ জনের এবং আক্রান্ত হন ৫৪৭ জন। ২ মে এখানে মৃত্যুর সংখ্যা ছিল ১৫৪ জন এবং আক্রান্ত ছিলেন ৮৫১ জন। মিশিগানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ১৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩৯৭ জন। এখানে এক দিনে ২৩২ জনের মৃত্যু হয় গত ২১ এপ্রিল, যা ছিল সর্বোচ্চ।
এদিকে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন গ্রোসারি ও রেস্টুরেন্টে মাংসের সরবরাহ অপ্রতুল বলে জানা গেছে। বিভিন্ন রেস্টুরেন্ট ইতিমধ্যে তাদের মেন্যু পরিবর্তন করেছে। স্টোর ও সুপারস্টোরে ক্রেতাপ্রতি কেনার জন্য মাংসের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে জেট ব্লু ডেট্রয়েটসহ ১৫টি বিমানবন্দরে তাদের ফ্লাইট স্থগিত করেছে। বিমান সংস্থাটি আমেরিকার পরিবহন অধিদপ্তরকে জানিয়েছে, যাত্রীর সংখ্যা বিপুল হ্রাস পাওয়ায় তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। অন্যদিকে, ডেল্টা এয়ারলাইনস করোনার জন্য যাত্রীসেবায় কিছু নতুন পরিবর্তন এনেছে। এসবের মধ্যে রয়েছে যাত্রী ও বিমানের কর্মীদের মাস্ক পরতে হবে, পেছন থেকে সামনে আরোহণ করতে হবে এবং মাঝের আসনগুলো ব্লক থাকবে।
ডেল্টার একজন মুখপাত্র বলেছেন, এ পরিবর্তনগুলো সাময়িক, তবে যাত্রী ও বিমানের কর্মীদের সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।