মিশিগান ৪২ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে ইউ এস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের ত্রাণ তহবিল থেকে ৪২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে। এই অর্থ বেকার ও যারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন তাঁদের লক্ষ্য করে ব্যয় করা হবে। কেয়ারস অ্যাক্টের মাধ্যমে দেওয়া এই অর্থ অনুদান পাওয়া এক বিলিয়ন ডলারের অংশ।
হাউজিং সেক্রেটারি বেন কারসন বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছেন। কিছু স্থানে আক্রান্ত ও মৃত্যু কমতে শুরু করেছে। কিন্তু অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে অনেকেই লড়াই করে যাচ্ছেন। এই তহবিল রাজ্যে অর্থনীতিকে সঠিক পথে নিতে দ্রুত আক্রান্ত ও মৃত্যু কমাতে সহায়তা করবে। এই তহবিল নিম্ন আয়ের মানুষদের খাবার ও স্বাস্থ্য সেবা বিশেষ করে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র ব্যবসায়ী, জরুরি ভিত্তিত বাড়ি ভাড়া পরিশোধ, পুনর্বাসন কিংবা স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে ও ফুড ব্যাংক গড়তে সহায়তা করবে। এগুলো কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।
এদিকে রাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে সংক্রমিত রোগীর সংখ্যা ১২ মে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৪ জনে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, ১২ মে রাজ্যে নতুন করে ৯০ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে। একদিনে সংক্রমিত মানুষের সংখ্যা ৪৬৯ জন। রাজ্যে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৮ হাজার ২১ জন। মৃত্যু হওয়া ৯০ জনের মধ্যে আগের ১৯ জন রয়েছে।
রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোনেইগ খালদুন বলেছেন, রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা ক্রমেই নিম্নের দিকে। গত সাত দিনে নতুন সংক্রমণের সংখ্যা ২৫ শতাংশ কমেছে। ১১ মে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খালদুন। তিনি জানান, রাজ্য সঠিক পথেই আছে। একজন আক্রান্ত হলে তা অনেকের ওপর প্রভাব ফেলে। রাজ্যের সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিকে কড়া নজর রাখছেন।
১০ মে রাজ্যে পরীক্ষার মাত্র ১০ শতাংশ পজিটিভ ফল এসেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ৮ মে পর্যন্ত ২২ হাজার ৬৮৬ জন রোগী সুস্থ্য হয়েছেন।