মিশিগানে করোনার সংক্রমণ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মিলফোর্ডে ওয়াইএমসিএ সামার ক্যাম্পে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করানো হচ্ছে। ছবি: রয়টার্স
মিশিগানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মিলফোর্ডে ওয়াইএমসিএ সামার ক্যাম্পে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করানো হচ্ছে। ছবি: রয়টার্স

মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। রাজ্যে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন কমে আসায় মানুষের মনে স্বস্তি এসেছিল। কিন্তু হঠাৎ তা বৃদ্ধি পাওয়ায় এখন শঙ্কা দেখা দিয়েছে।

মিশিগান রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩২৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং সংক্রমণে মারা গেছেন ৪ জন, যা এক দিনে গত ৩১ মের পর সর্বোচ্চ। এখন গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ২২৩ জন। গত সপ্তাহে গড় আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫ জন। মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৬১ হাজার ৯৫৩ জন, মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৬৮ জনের।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বিগ্ন। আসছে ৪ জুলাই স্বাধীনতা দিবসের পর রাজ্যে অর্থনীতির আরও কয়েকটি সেক্টর খোলার যে পরিকল্পনা ছিল তা এখন নির্ভর করবে করোনাভাইরাস সংক্রমণের ডেটার ওপর।

গভর্নর বলেন, তিনি এপিডেমিওলজিস্টদের সঙ্গে কথা বলে জেনেছেন, যত বেশি লোকজন এদিক-সেদিক ঘুরে বেড়ায়, ততই সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে। একটি ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

এদিকে ইউএস আপিল কোর্ট ২৪ জুন রাতে জরুরি অবস্থাসহ মিশিগানের জিম বন্ধ রাখার আদেশ দিয়েছেন। নিম্ন আদালতের এক আদেশে মিশিগানের জিম আবার খোলার সিদ্ধান্ত হওয়ার আগে মিশিগানের ইনডোর জিম বন্ধ রাখার জন্য ২৪ জুন রাতে তিন বিচারকের ষষ্ঠ সার্কিট ইউএস কোর্ট আপিল প্যানেল হস্তক্ষেপ করে। গভর্নর গ্রিচেন হুইটমারের প্রশাসনের সঙ্গে একমত হয়ে প্যানেল এই জরুরি স্থগিতাদেশ জারি করলেন।

উল্লেখ্য, মিশিগানের একজন ফেডারেল জজ ১৯ জুন এক রায়ে বলেছেন, আগামী ২৫ জুন মিশিগানের ইনডোর জিমগুলো খুলতে পারে। গভর্নর গ্রিচেন হুইটমারের এক নির্বাহী আদেশে মিশিগানের ইনডোর জিমগুলো বন্ধ রয়েছে। রাজ্যের কালামাজুর ফেডারেল জজ পল মেলোনি জরুরি আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ও জিমগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে করা মামলার রায়ে এ আদেশ দেন।

গভর্নর হুইটমারের মুখপাত্র টিফনি ব্রাউন এ বিষয়ে ১৯ জুন বলেছিলেন, গভর্নর শ্রদ্ধার সঙ্গে বলেছেন, তিনি এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি জজ পল মেলোনির জারি করা প্রাথমিক আদেশের বিরুদ্ধে আপিল করবেন।