মিশিগানে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

আমেরিকার মিশিগানে গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩২ জনের, যা এ পর্যন্ত সর্ব্বোচ্চ। এর আগে ১০ এপ্রিল সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬৭ জন।
১৭ এপ্রিল থেকে মিশিগানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছিল। এতে জনমনে স্বস্তির ভাব দেখা দিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃত্যু হার প্রায় দ্বিগুণেরও বেশি হওয়ায় আবার আতঙ্ক শুরু হয়েছে। মিশিগান স্টেটের এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৬ এপ্রিল এ অঙ্গরাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৭২ জন এবং আক্রান্ত ছিল ১ হাজার ২০৪ জন। কিন্তু ১৭ এপ্রিল থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করে। এদিন মৃত্যুর সংখ্যা ছিল ১৩৪ জন এবং আক্রান্ত ছিল ৭৬০ জন। ১৮ এপ্রিল মৃত্যুর সংখ্যা ৮১ জন এবং আক্রান্ত ৭৬৮ জন। ১৯ এপ্রিল মৃত্যুর সংখ্যা ৮৩ জন এবং আক্রান্ত ৬৩৩ জন। ২০ এপ্রিল মৃত্যুর সংখ্যা ছিল ৭৭ এবং আক্রান্তের সংখ্যা ৫৭৬ জন। মিশিগানে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৭০০ জনের, আক্রান্ত ৩২ হাজার ৯৬৭ জন।