
আমেরিকার মিশিগানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় প্রায় দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৬০ জনের, আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২ জন। আগের দিন ২৭ এপ্রিল রাজ্যে মৃত মানুষের সংখ্যা ছিল ৯২, আর আক্রান্ত ছিল ৪৩২ জন। এই পরিস্থিতিতেও ‘মিশিগান সেফ স্টার্ট প্ল্যান’ নামে একটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন গভর্নর। এতে যেসব কাজে সংক্রমণের ঝুঁকি কম, সেসব পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মিশিগানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৬৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৬২ জন। গত দুই দিন রাজ্যে মৃত মানুষের সংখ্যা বেড়েছে। ২৬ এপ্রিল এখানে মৃত মানুষের সংখ্যা ছিল ৪১ আর আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৫ জন। রাজ্যে গত এক মাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৩৪২ জন সুস্থ হয়েছেন।
এদিকে ২৭ এপ্রিল রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার এক সংবাদ সম্মেলনে ‘মিশিগান সেফ স্টার্ট প্ল্যান’ নামে একটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এতে যেসব কাজে সংক্রমণের ঝুঁকি কম, সেসব পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। রোগীর সংখ্যা কমতে থাকলে নির্মাণ খাতে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তবে কবে থেকে খুলবে, তা তিনি নির্দিষ্ট করে তিনি বলেননি।
এদিকে ২৯ এপ্রিল করোনাভাইরাসের এই মহামারির সময়ে যাঁরা সামনের সারিতে থেকে কাজ করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন নেভির ‘ব্লু অ্যাঞ্জেলস’ ও এয়ার ফোর্সের ‘থান্ডারবার্ডস’ ডেট্রয়েটের আকাশ প্রদক্ষিণ করবে।