মিশিগানে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

আমেরিকার আগামী নির্বাচনে মিশিগান রাজ্যে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ল্যান্সিংয়ের এপিক-এমআরএ-এ পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত মিশিগানের ছয় শ ভোটারের মধ্যে এই জরিপ চালানো হয়।
নতুন এই জরিপে দেখা গেছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্পের নেওয়া পদক্ষেপে ভোটাররা অসন্তুষ্ট। করোনাভাইরাস প্রতিরোধে ট্রাম্পের কার্যক্রম সম্পর্কে ভোটারদের জিজ্ঞাসা করলে ৫৮ শতাংশ ভোটার নেতিবাচক অর্থাৎ অসন্তোষ প্রকাশ করেন, ৪১ শতাংশ ইতিবাচক এবং এক শতাংশ কোনো মন্তব্য করেননি। এ ছাড়া জো বাইডেনকে সমর্থন করছেন ৫৩ শতাংশ ভোটার আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪১ শতাংশ ভোটার। ছয় শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত দেননি।
এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মিশিগানের ডেট্রয়েট শহরে প্রতিবাদ, বিক্ষোভ ও মিছিল টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে। ৭ জুন বিকেল থেকেই ডেট্রয়েট ডাউন টাউনে প্রতিবাদকারীরা সমবেত হতে থাকেন। মিশিগান অ্যাভিনিউয়ে অবস্থিত ডেট্রয়েট পুলিশ সদর দপ্তরের বাইরে কয়েক শ বিক্ষোভকারীদের সঙ্গে একদল শিক্ষকও যোগ দেন। বিক্ষোভকারীরা ডাউন টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ সদর দপ্তরের সামনে ফিরে আসেন। রাত প্রায় সাড়ে নয়টায় সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ ও সমাবেশ ছিল শান্তিপূর্ণ।
৭ জুন মিশিগান স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে, যা মার্চ মাস থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। নতুন করে সংক্রমিত হয়েছে ১২১ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫৬ জন, সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৮৭০ জনের।