মেহেরপুরে করোনায় এক গ্রামে ২১ মৃত্যু
গাড়াডোব গ্রামে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর। কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যাচ্ছেন অনেকে।
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাছাকাছি একটি গ্রাম গাড়াডোব। ২৯ দিনে এই গ্রামে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২১ জন। বিস্তীর্ণ কৃষিভূমি পরিবেষ্টিত গ্রামটিতে করোনার দ্বিতীয় ঢেউ যেন আঁচড়ে পড়েছে। কিন্তু মৌসুমি রোগ ভেবে কেউ একে গুরুত্ব দেননি। ফলাফল হয়েছে খুব খারাপ।
গাংনী উপজেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরে পাকা সড়ক লাগোয়া গাড়াডোব গ্রাম। গ্রামের অধিবাসী ১৭ হাজারের মতো। ১৭টি পাড়া নিয়ে ধানখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এই গাড়াডোব গ্রাম। গ্রামের মূল সড়কের পাশে আছে একটি কমিউনিটি ক্লিনিক। অসুস্থ হলে এই ক্লিনিকে যান কৃষিপ্রধান এই গ্রামের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যান অনেকে।
গ্রামের সাধারণ মানুষ ও মারা যাওয়া লোকজনের পরিবারের সদস্যরা জানান, গত ২২ জুন থেকে ২০ জুলাই করোনায় আক্রান্ত ও উপসর্গে মারা যান ২১ জনের মতো মানুষ। এর মধ্যে নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বাকিদের করোনা উপসর্গ ছিল।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন আনারুল ইসলাম (৭০), নিলুফার আক্তার (৪০), সুফিয়া বেগম (৫২), কবিতা আক্তার (২৫), বছিরন নেছা (৬০), কুরবান আলী (৬৮), রাজিয়া খাতুন (৪৪), ফাহিমা খাতুন (৪৫), সাহারবানু (৪০) ও হামিরুন নেছা (৪৫)।
উপসর্গ নিয়ে মারা গেছেন বাবর আলী (৪০), কেরামত মিয়া (৬০), ফজলু মিয়া (৬২), হালিম শেখ (৭০), ভেলুর রহমান (৬১), ছুরমান আলী (৬৭), মেথলি দাশি (৫৫), বছের মিয়া (৭৪), সাইফুল ইসলাম (৬৩), মেহেরুন খাতুন (৬৮) ও মহির উদ্দিন (৭০)।
গতকাল মঙ্গলবার গ্রামটি ঘুরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা জানা গেল, গ্রামের ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত মানুষজন। তবে গ্রামের পাড়াগুলোতে চায়ের দোকানগুলো খোলা। সেখানে স্থানীয় লোকজন একসঙ্গে বসে চা–পান খাচ্ছেন। তাঁদের বেশির ভাগের মুখে মাস্ক নেই। ছোট কয়েকটি মুদিদোকান খোলা। দোকানের লোকদের অনেকেই জ্বর, সর্দি-কাশি থেকে সবে সেরে উঠেছেন। পল্লিচিকিৎসকের কাছ থেকে সাধারণ সর্দিজ্বরের ওষুধ খেয়েছেন তাঁরা।
গ্রামে ঢোকার মুখে একটি পাকুড়গাছ। গাছের নিচে আবু সুফিয়ানের মুদিদোকান। সেখানে গতকাল সকাল সাড়ে ১০টায় সয়াবিন তেল নিতে এসেছিলেন গৃহিণী পানছুরা খাতুন (৫০)। দোকানি তাঁকে দেখিয়ে জানালেন, ২০ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এরপর পানছুরা নিজেই বললেন, ‘জীবনে অনেকবার জ্বর, সর্দি-কাশি হয়েছে। কিন্তু এবারের জ্বর বিছানা থেকে উঠতে দেয়নি। শরীর একেবারে দুর্বল করে দিয়েছে। ছেলে সাইদ হোসেনেরও জ্বর। ছেলেটি জ্বর মাথায় নিয়েই পাট কাটতে গেছে।’
করোনা পরীক্ষা করিয়েছেন কিনা জানতে চাইলে পানছুরা খাতুন বলেন, ‘করোনা পরীক্ষা করে কি গ্রামে এক ঘরে হব?। পল্লিচিকিৎসকের কাছে কয়েক রকমের ওষুধ খেয়ে ভালো হয়েছি। তবে শরীর খুব দুর্বল।’
মুদিদোকানি আবু সুফিয়ানও এ মাসের ৭ তারিখ করোনায় আক্রান্ত হন। তিনি গেছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। আবু সুফিয়ান বলেন, ‘উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুধু করোনা পরীক্ষার ব্যবস্থা আছে। আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই। তাই বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছি।’ অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ তাঁর রিপোর্ট আসে ২২ জুলাই।
গাড়াডোব কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক সরোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা নিয়ে ১৫ থেকে ২০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করাতে বলা হয়। কিন্তু অনেকেই তা করান না। এ কারণে পুরো গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে।’
গ্রামের মাঠপাড়া সর্বোচ্চ আক্রান্ত এলাকা। পাড়ার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আমার আব্বা ভেলুর রহমান দুই সপ্তাহের জ্বর ও শ্বাসকষ্টে মারা গেলেন। উপজেলায় নিয়ে গেলে তাঁরা বাড়িতে চিকিৎসা নিতে বলে। তাদের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়। কিন্তু ২০ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্টে মারা যান বাবা।’
ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, মৌসুমি অসুখ ভেবে কেউ করোনা পরীক্ষা করাচ্ছে না। অনেকে রোগ গোপনও করে। যখন শ্বাসকষ্ট শুরু হয়, তখন জেনারেল হাসপাতালে ছোটাছুটি শুরু করে। এ কারণে বেশি লোক মারা গেছে।
ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের উজ্জামান বলেন, ২১ জন মানুষ মারা গেছে। এরপরও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি। পাড়াগাঁয়ে একঘরে হওয়ার ভয়ে অনেকে এই রোগ গোপন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো ভবনের একটি কক্ষে করোনা রোগীদের শয্যার ব্যবস্থা আছে। সেখানে ১০ জন রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগেও এখানে করোনা রোগী ভর্তি রাখা হতো না। ৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ৩০টি। বর্তমানে ৭ জন চিকিৎসক কর্মরত। এর মধ্যে গড়ে ২ জন প্রশিক্ষণ ও ছুটিতে থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। করোনা পরীক্ষার অভাবে ঠিক বোঝা যাচ্ছে না কতজন এক গ্রামে সংক্রমিত। চিকিৎসক–সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
মেহেরপুরে সিভিল সার্জন নাসির উদ্দিন ওই গ্রামের করোনায় আক্রান্ত ১০ জনের মৃত্যুর বিষয়টি জানেন। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর সময় জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরে করোনা সংক্রমণের মাত্রা বাড়লেও লোকবলের অভাব হয়ে পড়েছে। এ কারণে গ্রামে গ্রামে করোনা পরীক্ষা করার ব্যবস্থা বন্ধ রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গাংনীতে এ পর্যন্ত ৪৬ জন করোনায় মারা গেছেন। ৩০০ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় মোট আক্রান্ত ১ হাজার ৪১৪ জন।