ময়মনসিংহ বিভাগে ১৬২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ওই ব্যক্তি ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার থেকে আজ সকাল পর্যন্ত বিভাগে ৬৩৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৫১।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫৯০ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ২৮। তবে গতকাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭ দশমিক ৬১। নেত্রকোনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৫ দশমিক ৩৫। জামালপুরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২২ দশমিক ৫৮। শেরপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১০।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। একই সময়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।